সহিংসতায় ঝলসে যাওয়া এক জেলের মৃত্যু
বিএনপির ডাকা ৫ মার্চের সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতার শিকার দুই জেলের একজন গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম আবদুল হামিদ (৪০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার সালজান গ্রামের বাসিন্দা।জানা গেছে, ওই দিন সকালে মাছ বিক্রির জন্য নেত্রকোনা শহরের আখড়ার মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অটোরিকশায় পেট্রলজাতীয় পদার্থ নিক্ষেপ করলে আবদুল হামিদ ও সদর উপজেলার উলুয়াটি গ্রামের মোস্তু মিয়ার শরীর ঝলসে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার মধ্যরাতে আবদুল হামিদ মারা যান।নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক এম এ মজিদ বকুল জানান, গতকাল সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ৩০-৩৫ জনের নামে মামলা হয়েছে।হাসপাতাল মর্গে নিহতের বড় ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি সরুজ আলী বলেন, ‘আমরা এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার প্রার্থনা করছি।’