সহিংসতায় নিহত আরও ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বশিরহাটে গতকাল বিকেলে সংঘর্ষের একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় আগুন জ্বেলে অবরোধ তৈরি করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ষ ছবি: ফোকাস বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বশিরহাটে গতকাল বিকেলে সংঘর্ষের একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় আগুন জ্বেলে অবরোধ তৈরি করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ষ ছবি: ফোকাস বাংলা

জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দলটির সহিংসতায় গতকাল শনিবার আরও ১১ জন নিহত হলেন। এর মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচজন এবং নীলফামারী সদর উপজেলায় পাঁচজন নিহত হন। দুই স্থানে আহত হন কমপক্ষে দেড় শ। গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের পাঁচ সদস্যও। এ ছাড়া সিলেটের কানাইঘাটে গতকাল রাতে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর থেকে গতকাল পর্যন্ত মোট ১৮ জন প্রাণ হারালেন।
ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই জামায়াতে ইসলামী আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নামে তারা।
নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে গতকাল বিকেলে জামায়াত-শিবির হামলা চালালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ চৌধুরী (৫৫), আওয়ামী লীগের কর্মী লেবু (৪০), যুবলীগের কর্মী ফরহাদ হোসেন (২৫), ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন (২০) ও জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক (৪২)। পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ। তবে সাংসদ নূর অক্ষত আছেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। উপজেলা পরিষদ কমপ্লেক্সের সাতটি সরকারি দপ্তর পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। আওয়ামী লীগের কর্মীরা জ্বালিয়ে দেন জামায়াত-সমর্থকদের একটি হাইস্কুল। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন: রাসেল (২৫), মতিউর রহমান (২৩) ও সাইফুল ইসলাম (২২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বলেছেন, তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে জামায়াতের দাবি, সংঘর্ষে তাদের সাতজন কর্মী নিহত হয়েছেন।
সাংসদের গাড়িবহরে হামলা, নিহত ৫: নীলফামারীতে পুলিশ, আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। বিকেলে সদর উপজেলার রামগঞ্জ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পুলিশি পাহারায় সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহর রামগঞ্জ ব্রিজের সামনে জামায়াত-শিবিরের কেটে দেওয়া রাস্তায় আটকে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পেছন দিক থেকে সাংসদের গাড়িবহরে হামলা চালান। কিছুক্ষণের মধ্যে সামনে থেকেও হামলা চালানো হয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ বেধে যায়। এতে জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান।
পরে জামায়াত-শিবিরের কর্মীরা টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ চৌধুরী ও যুবলীগের কর্মী ফরহাদ হোসেনকে কুপিয়ে হত্যা করে। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবির স্থানীয় অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও আওয়ামী লীগ-সমর্থকদের বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ২০টি মোটরসাইকেলও তাণ্ডবের শিকার হয়। সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের কর্মী লেবু ও ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আসাদুজ্জামান নূর জানান, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর দলটির নেতা-কর্মীরা নীলফামারী সদরের বিভিন্ন গ্রামে তাণ্ডব চালান। এসব ঘটনা দেখতে তিনি গতকাল সকাল থেকে পলাশবাড়ীর তরুণীবাড়ী, হরীতকীতলা ও লক্ষ্মীচাপ ইউনিয়নের কাছারীবাজার শীশাতলী ও লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যাম চরণ রায়ের বাড়ি পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী শহরে ফেরার পথে জামায়াত-শিবির তাঁর গাড়িবহরে হামলা চালায়। প্রায় সোয়া ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় তিনি পুলিশি পাহারায় তাঁর নীলফামারীর বাসভবনে পৌঁছান।
শহর জামায়াতের আমির আল ফারুকের দাবি, পুলিশের গুলিতে জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক মারা গেছেন।
নীলফামারী সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম বলেন, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সাংসদ নূরকে নিরাপদে নিয়ে আসে। এ সময় তিনিও (এএসপি) আহত হন। তাঁর গাড়িসহ পুলিশের আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
সাংসদের গাড়িবহরে দুটি মাইক্রোবাস, পুলিশের তিনটি পিকআপ ভ্যান ও একটি জিপ এবং জেলা পরিষদের প্রশাসকের একটি জিপ ছিল। সাংসদ নূর একটি মাইক্রোবাসে ছিলেন। হামলায় তাঁকে বহনকারী গাড়িসহ অন্যগুলোর কাচ ভাঙা হয়।
কোম্পানীগঞ্জে পাঁচজন নিহত: প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জের বসুরহাট মডেল হাইস্কুলের পাশ থেকে বেলা সোয়া তিনটার দিকে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল জামায়াত-শিবির। পুলিশ তাদের ধাওয়া দিলে এবং গুলি করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। সন্ধ্যা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বসুরহাট বাজারের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ চলে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে পল্লী উন্নয়ন কার্যালয়, সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়, পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয়, ডাকঘর, আনসার ও ভিডিপি কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আগুন দেন। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা জামায়াত-সমর্থকদের পরিচালিত বসুরহাট মডেল হাইস্কুলে আগুন দেন। এতে স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে অসংখ্য ককটেল ফাটানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বসুরহাট পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন বলেন, তাঁরা পুলিশের কাছ থেকে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের অনুমতি নিয়েছিলেন। কিন্তু মিছিল শুরুর আগ মুহূর্তে পুলিশ বিনা উসকানিতে দলীয় নেতা-কর্মীদের ওপর গুলি চালায়। এতে সাতজন নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ জন।
নোয়াখালী দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি জিয়াউল হকের দাবি, পুলিশের গুলিতে নিহত জামায়াত-শিবিরের তিনজনের লাশ থানায় রয়েছে। বাকি চারজনের লাশ দলীয় কর্মীরা বাড়িতে নিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎ সক রশিদুল হাসান জানান, সংঘর্ষে আহত মতিউর রহমান ও সাইফুর ইসলাম নামের দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
তবে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, তিনজনের লাশ থানায় রয়েছে। এঁদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ সুপার বলেন, অতিরিক্ত পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গুলি চালান। এতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সিলেটে কুপিয়ে হত্যা: নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, জেলার কানাইঘাট উপজেলায় রাত ১১টার দিকে সুরমা ব্রিজের কাছে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।