ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় আরও তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন গত শনিবার পঞ্চম ধাপের ভোট গ্রহণ চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষে আহত হয়েছিলেন। একই দিন কুমিল্লায় সংঘর্ষের সময় নিখোঁজ এক ব্যক্তির লাশ গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ নিয়ে ৯৬ জন নিহত হয়েছেন।
এদিকে এক সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ হিন্দুপাড়া ও কুলিয়াপাড়ায় অন্তত ২০টি বসতবাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। এ হামলায় আহত হন অন্তত ২৪ জন। এ ছাড়া শনিবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত কয়েকটি জেলায় সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় আহত হন অন্তত ১৫০ জন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মারা গেলেন আরও তিনজন: জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবারের সহিংসতায় আহত নূর ইসলাম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামে। এ নিয়ে জেলায় পঞ্চম ধাপের নির্বাচনী সহিংসতায় চারজন প্রাণ হারালেন।
পরিবার ও স্থানীয় সূত্র বলেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে শনিবার সকালে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাকিরুজ্জামান রাখাল ও দলের বিদ্রোহী প্রার্থী মো. শাজাহান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর ইসলাম গুরুতর আহত হন।
নিহত নূর ইসলামের ছেলে ময়নাল হক বলেন, তাঁর বাবা কৃষক, রাজনীতি করতেন না। তিনি ভোট দিতে গিয়েছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শনিবার সংঘর্ষকালে আহত নাজমুল হোসেন (২২) গতকাল চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি ক্লিনিকে মারা গেছেন। জামপুর ইউনিয়নের পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ও আবদুস সালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লার হোমনা উপজেলা থেকে শনিবার নিখোঁজ হওয়া মোতালিব মিয়ার (২৮) লাশ গতকাল উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা-পুলিশ। সন্ধ্যায় বাঞ্ছারামপুরের রাধানগর গ্রামের পশ্চিমে মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি হোমনার দড়িরচর গ্রামে। শনিবার হোমনার চুনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালেক আফসারীর সমর্থক ও বিএনপির প্রার্থী মফিজুল ইসলাম গনির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় মোতালিব নদীতে পড়ে গিয়েছিলেন। এরপর তিনি নিখোঁজ ছিলেন।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, এ ঘটনায় হোমনা থানায় অভিযোগ করা হয়েছে। মোতালিবের লাশ মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারে হিন্দুপাড়ায় হামলা: সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জয়ী হন মাখন চন্দ্র দে। রাত সাড়ে আটটার দিকে ফল প্রকাশের পর পরাজিত সদস্য পদপ্রার্থী আবুল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা ওয়ার্ডের দক্ষিণ হিন্দুপাড়া ও কুলিয়াপাড়ায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হন অন্তত ২৪ জন।
বিজয়ী মাখন চন্দ্র দে বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আবুল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায়। তারা স্থানীয় লোকনাথ ধামসহ অন্তত ২০টি বসতবাড়ি ও দোকানে ভাঙচুর-লুটপাট চালায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে খুরুশকুলের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় যায়। বেলা ১১টার দিকে সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। বেলা একটার দিকে জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ খুরুশকুলের হিন্দুপাড়া পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। হামলার প্রতিবাদে খুরুশকুলের শতাধিক দোকান বন্ধ রাখা হয়। পুলিশ সুপার হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে জানতে আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়। কুলিয়াপাড়ায় তাঁর বাড়িতে গিয়েও দরজায় তালা দেখা যায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, হিন্দু বসতিতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে আবুল হোসেন আত্মগোপনে চলে গেছেন। তাঁর ভাতিজা সাইফুল ইসলাম, মহিউদ্দিন ও মো. শাহজাহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সহিংসতা: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে শনিবার রাত ১০টার দিকে ফল প্রকাশের পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা বিজয়ী প্রার্থীর সমর্থকদের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান। চান্দাই ইউনিয়নের দাসগ্রাম বাজারে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকদের ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। এসব ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নে গতকাল বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এ ইউপিতে ২৩ এপ্রিল ভোট হয়।
যশোরের কেশবপুরের ছোট পাথরা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকেরা হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মনোয়ারের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ রায়হান কবির বলেন, খবর শুনে ওই গ্রামে র্যাব ও বিজিবি পাঠানো হয়েছে।
রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন।
সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামে শনিবার রাতে বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ১৫ জন আহত হন।
ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দি গ্রামে সদস্য প্রার্থী জুলহাস মেম্বার ও বুলবুলের সমর্থকদের মধ্যে গতকাল বিকেলে সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। একই রাতে সালথা উপজেলার চিলারকানদিয়া গ্রামে সহিংসতা দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জালাল মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছেন।