সহিংসতায় নিহত ১, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে সহিংসতায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে শনিবার ও রোববার একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গাইবান্ধা ও সিরাজগঞ্জে ফাঁকা গুলি ছুড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী মাস্টার। তিনি ভিতরবন্দ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আইয়ুব আলী মাস্টার ওই ওয়ার্ডের বিজয়ী সদস্য পদপ্রার্থী জিয়াউর রহমানের সমর্থক ছিলেন। পরাজিত প্রার্থী আবদুস ছাত্তারের লোকজন তাঁর বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত ব্যক্তিদের মধ্যে আইয়ুব আলী মাস্টার, সালেহা বেগম, আবদুল বাতেন, মজিবর রহমান, নুরুজ্জামান, সহিদুল ইসলাম, আনোয়ারা বেগম, আবদুস সালাম, সিরাজুল ইসলাম, নুর জামাল ও মারুফ হোসেনকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে আইয়ুব আলী মাস্টারকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।গাইবান্ধা: সদর উপজেলার খোলাহাটি, লক্ষ্মীপুর, কামারজানি ও মালিবাড়ী ইউনিয়নে গত শনিবার নির্বাচনোত্তর সহিংসতায় ১০ জন আহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী ও খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ সারওয়ার ও তাঁর সমর্থকেরা হামলা চালান। তাঁরা বেশ কিছু ব্যালট ছিনিয়ে নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে গাইবান্ধা বিচারিক আদালতে গত রোববার মামলা করেছেন।চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হক্কানীর পরাজয়ের জন্য তাঁর সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী পরাজিত পদপ্রার্থী মাহমুদ সারওয়ারকে দোষারোপ করেন। এ নিয়ে রোববার বেলা ১১টার দিকে হক্কানীর সমর্থকেরা মাহমুদ সারোয়ার ও তাঁর সমর্থকদের ঘর-বাড়ি ভাঙচুর করেন। মাঠবাজার গ্রামের ফজলার রহমানের চারটি টিনের ঘর ও দোকান ভাঙচুর এবং তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেন। মাহমুদ সারোয়ার বলেন, ‘আমার বাড়ি ছাড়াও হক্কানীর সমর্থকেরা রথের বাজার, মাস্টারপাড়া, মাঠবাজার ও হাশেম বাজারে আমার ছয়জন সমর্থকের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।’ আফজাল হক্কানী দাবি করেন, ‘এসব ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থকের সম্পৃক্ততা নেই।’ লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রথমে সদস্যপদে নাজমুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় অন্য প্রার্থীরা পুনরায় ভোট গণনার দাবি জানান। প্রিসাইডিং কর্মকর্তা পুনরায় ভোট গণনা শেষে আবদুল জলিল নামের আরেক সদস্য পদপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা ও তাঁদের ঘেরাও করে। এ সময় সংঘর্ষে একটি গাড়ি ভাঙচুর ও পুলিশসহ কমপক্ষে পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কামারজানি ইউনিয়নের উত্তর বারবলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে নির্বাচন কর্মকর্তারা শনিবার রাত সাড়ে নয়টায় পিকআপভ্যানে করে উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পরাজিত সদস্য পদপ্রার্থী লোকজন নিয়ে রাস্তা কেটে বেরিকেড দিয়ে তাদের ওপর হামলা চালালে কমপক্ষে তিনজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিবাড়ী ইউনিয়নের উত্তর বারবলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলাকালে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিরাজগঞ্জ: চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়নের উমরপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গত রোববার ভোট গণনা শেষে পরাজিত সদস্য পদপ্রার্থী আবদুল মজিদ ও তাঁর সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার জন্য হামলা চালায়। পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মতিন মণ্ডল অভিযোগ করেন, ‘ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল পাওয়ার পর আমার এজেন্ট কেন্দ্র থেকে বের হয়ে আসেন। পরে হামলার ঘটনা ঘটলে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল শিট না দিয়ে নৌকায় বসে আমার প্রাপ্ত ভোট ৫৬৭-এর স্থলে ১৬৭ উল্লেখ করে ফলাফল পরিবর্তন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের সংখ্যা বৃদ্ধি করে তাঁদের কাছে শিট দিয়েছেন। এই ফলাফল শিটে আমার এজেন্টের কোনো স্বাক্ষরই তাঁরা গ্রহণ করেননি।’প্রিসাইডিং কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, ‘হামলার আগে ফলাফলের একটি শিট ভোটকেন্দ্রে উপস্থিত লোকজনের কাছে দেওয়া হয়েছে। শিটে তিনজন এজেন্টের স্বাক্ষর ছিল। পরে ফলাফল পরিবর্তন করার প্রশ্নই ওঠে না।’