সহিংসতায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর থেকেই বগুড়া শহর কার্যত অবরুদ্ধ ছিল। গতকালও দিনভর আতঙ্ক ছিল শহরজুড়ে। দুপুর ১২টার দিকে তেলীপুকুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল  থেকে আকিজ করপোরেশন লিমিটেডের ডিপোতে হামলা চালানো হয়। এ সময় মিছিলকারীরা ডিপোর ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন |ছবি: সোয়েল রানা
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর থেকেই বগুড়া শহর কার্যত অবরুদ্ধ ছিল। গতকালও দিনভর আতঙ্ক ছিল শহরজুড়ে। দুপুর ১২টার দিকে তেলীপুকুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে আকিজ করপোরেশন লিমিটেডের ডিপোতে হামলা চালানো হয়। এ সময় মিছিলকারীরা ডিপোর ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন |ছবি: সোয়েল রানা

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর থেকে সহিংস হয়ে উঠেছেন দলটির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর ও খুলনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামী ছাত্রশিবিরের তিনজন, আওয়ামী লীগের দুজন, যুবদলের একজন ও এক চটপটি বিক্রেতা রয়েছেন।
গতকাল শুক্রবার ১৮-দলীয় জোটের কোনো হরতাল বা অবরোধ কর্মসূচি না থাকলেও দেশের অন্তত ২০টি জেলাকে সড়ক পথে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে জামায়াত-শিবির। সড়ক-মহাসড়কে নির্বিচারে গাছ কেটে, অনেক স্থানে সড়ক কেটে, বেইলি সেতুর পাটাতন খুলে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় তারা। সারা দেশে অন্তত ১২৫টি যানবাহন পুড়িয়ে দিয়েছে তারা। ভাঙচুর করে প্রায় ২০০ গাড়ি।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশের অন্তত ১৫টি জেলায় আওয়ামী লীগের হাজার খানেক নেতা-কর্মী ও সমর্থকের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। রেহাই পায়নি দলীয় কার্যালয়ও। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েক শ বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। তাণ্ডব চালিয়েছেন কমপক্ষে নয়টি সরকারি কার্যালয়ে।
গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে কেউ হতাহত হয়নি।
নোয়াখালীতে দুজন নিহত: বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার সীমানার আপানিয়া বাজার এলাকায় নোয়াখালী-কুমিল্লা সড়কে গাছ কেটে রাস্তা আটকে দেন। তাঁদের ছত্রভঙ্গ করতে রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে চটপটি বিক্রেতা খোরশেদ আলম (৪৫) ও ইমাম হোসেন (৩০) গুলিবিদ্ধ হন। নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে খোরশেদের মৃত্যু হয়।
নিহত খোরশেদ সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের গনি মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ইমাম বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।
জামায়াত অভিযোগ করেছে, গতকাল সকালে নোয়াখালীর সোনাপুর বাজারে শাহাদৎ হোসেন ও মো. রাজন নামের দুই শিবির-কর্মীকে মারধর করে পায়ের রগ কেটে দেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা সোনাপুর বাজারে প্রতিবাদ মিছিল বের করলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নামধারী একদল যুবক গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সৌরভ হোসেন ওরফে জোবায়ের (২২) নামের এক শিবিরের কর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও ২০ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন দাবি করেন।
তবে জামায়াত-শিবিরের মিছিলে গুলি বা হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল।
হঠাৎ বিএনপি এবং নিহত এক: দলীয় কোনো কর্মসূচি না থাকলেও বিএনপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ভবানীহাট থেকে রাস্তা অবরোধ করতে করতে ঘোষেরহাট এলাকায় পৌঁছান। একই সময়ে জামায়াত-শিবিরের একটি মিছিল ইন্দুরকানী থেকে ঘোষেরহাট এলাকায় পৌঁছায়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন অভিযোগ করেন, ওই সময় পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদারের বাড়ির দোতলা থেকে মিছিলে গুলি ছুড়লে বিএনপি ও যুবদলের সাত নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও কালাইয়া এলাকার শুক্কুর আলীর মৃত্যু হয়।
গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন তোবারক আলী।
সাতক্ষীরায় আওয়ামী লীগের দুই কর্মীকে হত্যা: পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩০০-৪০০ জামায়াত-শিবিরের কর্মী সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানের (৪৫) বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ির জিনিসপত্র লুট করে আজিজুরকে পিটিয়ে হত্যা করেন।
রাত তিনটার দিকে উপজেলার সরশকাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী মেহেদি হাসান ওরফে জজ আলীর (৩৫) বাড়িতে হামলা চালান। তাঁকে ধরে বাড়ি থেকে ২০-৩০ গজ দূরে নিয়ে জবাই করে হত্যা করেন।
কলারোয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ আহমেদ জানান, মেহেদির বাড়ি থেকে সরশকাটি পুলিশ ফাঁড়ির দূরত্ব ১০০ গজের বেশি নয়। কিন্তু হামলার সময় তাঁদের পরিবারের সদস্যরা পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাননি।
কলারোয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওসমান গনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়ে তাঁদের দোষারোপ করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, উপজেলার অধিকাংশ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও জয়নগর সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখায় অনেক চেষ্টা করার পরও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি।
খুলনায় শিবির কর্মী নিহত: গতকাল রাত নয়টার দিকে খুলনা নগরের নিরালা এলাকায় শিবিরের প্রায় দেড় শ কর্মী ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ঘিরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মার একটি পিকআপ, দুটি ট্রাক, পাঁচ-ছয়টি মোটরসাইকেল ও কয়েকটি দোকান ভাঙচুর করার পর আগুন দেওয়া হয়। এ সময় নিরালা পুলিশ ফাঁড়িতেও হামলা চালানো হয়। আধা ঘণ্টা ধরে চলা এই তাণ্ডব নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গুলিতে আহত হন নাইম (১৮) নামের শিবিরের এক কর্মী। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০টায় তাঁর মৃত্যু হয়। খুলনা সদর থানার ওসি সাহাবুদ্দিন আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের আটকে জন্য পুলিশের অভিযান চলছে।
নিজেদের কাটা ডালে শিবির কর্মীর মৃত্যু: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যশোরের বাঘারপাড়া উপজেলার বোলতেঘাটা গ্রামের সড়কের গাছ কেটে অবরোধ করার চেষ্টা করে। এ সময় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ে তাঁরা ট্রাকটি থামানোর চেষ্টা করেন। চালক ভয়ে দ্রুতগতিতে ট্রাক নিয়ে যাওয়ার চেষ্টা করলে কেটে রাখা একটি গাছে ট্রাক আটকে যায়। এ সময় ওই গাছের একটি ডাল ছিটকে গিয়ে শিবিরের কর্মী আশরাফুলের (১৮) ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে শিবির কর্মীরা ট্রাকটি পুড়িয়ে দেন।
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: রংপুর, নীলফামারী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, সাতক্ষীরা, যশোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারসহ কমপক্ষে ২০টি জেলা শহরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল গতকাল।
হামলা: নীলফামারীর ডিমলা উপজেলার চাপানীহাটে গতকাল সন্ধ্যায় দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুট করেন শিবির কর্মীরা। এ সময় হাটে থাকা ব্যবসায়ীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ও তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল রাত আটটার দিকে রাজশাহী নগরের সবজিপাড়ায় জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের নেতা মাহাবুব জামান ওরফে ভুলুর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির। এতে তিনটি ঘর পুড়ে যায়।
থানায় হামলা: বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে সিলেটের জালালাবাদ থানার অভ্যর্থনা কক্ষের দিকে একটি ককটেল ছোড়েন শিবির কর্মীরা। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। গতকাল ভোরে লক্ষ্মীপুরের রায়পুর থানার গেটের ভেতরে কয়েকটি ককটেল হামলা করে জামায়াত শিবির।
গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করেন। আহত ট্রাফিক পুলিশের হাবিলদার জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবির কর্মীরা চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহন।
ভাস্কর্যে হামলা: বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিবিরের নেতা-কর্মীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ৭১ ভাঙচুর করেন।
সরকারি কার্যালয়ে হামলা: গতকাল লক্ষ্মীপুরের কমলগর উপজেলা পরিষদ ও জেলা শহরের বিসিক এলাকায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বৃহস্পতিবার রাতে ফেনীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, পানি উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার, টেলিফোন ভবন ও একটি বেসরকারি ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়। রাতে দুর্বৃত্তরা মহিপালের পাশে ফেনী পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলার চেষ্টা করে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউপি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউপি ও নওগাঁর পোরশা উপজেলা ভূমি কার্যালয়েও হামলা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]
২০ জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন করে তাণ্ডব
১৫ জেলায় জামায়াতের গণনিষ্ঠুরতা
১ হাজার ঘরবাড়ি, দোকানপাটে হামলা, আগুন ও লুটপাট। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও সংখ্যালঘু পরিবার
২০০ যানবাহন ভাঙচুর ঢাকার বাইরে, ১২৫টিতে আগুন
৯ টি সরকারি কার্যালয়ে হামলা
২ টি থানায় ককটেল হামলা