সহিংসতায় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গায়েবানা জানাজার আয়োজন করে ১৪ দল l ছবি: প্রথম আলো
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গায়েবানা জানাজার আয়োজন করে ১৪ দল l ছবি: প্রথম আলো

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে ঢাকাসহ সারা দেশে গায়েবানা জানাজা করেছে ১৪ দল। ঢাকায় গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ‘পুলিশ-র‍্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত এবং নাশকতার উদ্দেশে সরকারি এজেন্ট দ্বারা নিক্ষিপ্ত পেট্রলবোমায় যেসব সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায়’ সারা দেশে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল করেছে।
১৪ দলের গায়েবানা জানাজায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও অগ্নিদগ্ধ ব্যক্তিদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। জানাজায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে শরিক হন।
১৪ দলের উদ্যোগে রাজধানীর মন্দির, গির্জা ও প্যাগোডাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জোটের অনেক নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে সরকার-সমর্থক, শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে যোগ দেন।
জানাজা শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সহিংস আন্দোলন করে বিশ্বের কোনো দেশ দাবি আদায় করতে পারেনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও পারবেন না।