সহিংসতায় নিহতদের দাফন, মামলা
জয়পুরহাটে জামায়াত-শিবিরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ২০ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দুই সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে শনিবারের সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
ছাত্রলীগের এক নেতা নিহতের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল দুটি দোকান ও একটি কারখানায় আগুন দেওয়া হয়েছে। নীলফামারীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার পরিবর্তে গতকাল সোমবার শোক শোভাযাত্রা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে সংঘর্ষের ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: রোববার সদর উপজেলার হালট্টি গ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতে সদর থানার এসআই মুমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই সহস্রাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ওই সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হন।
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত শনিবারের সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। রোববার রাতে থানার এসআই শিশির কুমার বিশ্বাস মামলা দুটি করেন। থানার ওসি মো. সাজেদুর রহমান জানান, সহিংসতার রাতে আটক হওয়া জামায়াত-শিবিরের কর্মী মো. বাহার, ছারওয়ার, মো. আলমগীর, গোলাম ছারওয়ার ও আবদুর রহিমকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। শনিবারের ওই সংঘর্ষে জামায়াত-শিবিরের সাতজন কর্মী নিহত হন।
রায়পুর (লক্ষ্মীপুর): পৌরসভায় গতকাল জামায়াতের সমর্থক নুরুল ইসলামের দুটি ফুলের দোকান ও ছাত্রদলের এক কর্মীর বাবার কারখানায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক মিরাজুল ইসলামকে রোববার হত্যা করায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান। মিরাজুলের লাশ নিয়ে গতকাল বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন।
নীলফামারী: শনিবার জামায়াত-শিবিরের হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ বিজয় দিবসে শোভাযাত্রার পরিবর্তে শোকর্যালি করেছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে সাংসদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে শোকযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে সাংসদ নূর বলেন, জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করছে। ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা শিবিরের সভাপতি মনিরুল ও শিবিরের কর্মী আবদুর রহিম এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মিন্টুর লাশ দাফন গতকাল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার জেলায় হরতাল ডেকেছে জামায়াত।