সহিংসতায় নেতৃত্বদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা ও সহিংসতার যাঁরা নেতৃত্ব দিয়েছেন এবং ধর্মপ্রাণ মানুষদের ভুল বুঝিয়ে যাঁরা রাস্তায় নামিয়েছেন— তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির নেতারা।গতকাল শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানান নেতারা। সভায় সাতক্ষীরার ছাত্রলীগের সাবেক নেতা মামুন হত্যাকারীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়। সাতক্ষীরায় সম্প্রতি সংঘটিত জামায়াত-শিবিরের সহিংসতা ও বর্বরতা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, কমিউনিস্ট পার্টির খুলনা জেলা শাখার সভাপতি এস এম রশীদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সদস্য ইয়ার আলী। সভায় আবু জাফর আহমেদ বলেন, ‘সাতক্ষীরায় সংখ্যালঘুরা বর্তমানে প্রচণ্ড আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অনেক এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও যেতে পারছেন না। এমনকি নিরাপত্তাজনিত কারণে কমিউনিস্ট পার্টির নেতাদের সাতক্ষীরার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।’সভায় বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দিয়ে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে না। এ ব্যাপারে দেশের সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তি জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।