মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে প্রকাশ করা হয়েছে। এসব খবরে আশঙ্কা প্রকাশ করা হয়, আগামীকাল রোববার জামায়াত দেশজুড়ে হরতালের ডাক দেওয়ায় ওই দিন আরও বেশি সহিংসতার ঘটনা ঘটতে পারে। এতে ঝুঁকির মুখে পড়তে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার রাতেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। রোববার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই দিন দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে জামায়াত।
লস অ্যাঞ্জেলস টাইমস বলেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে বৃহস্পতিবার ফাঁসি দেওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
বিবিসির খবরের শিরোনাম ছিল, ‘কাদের মোল্লার ফাঁসিতে পথ হারানোর ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন’। খবরে বলা হয়, ‘কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ একটি অজানা ক্ষেত্রে প্রবেশ করল। বিরোধী জোটের মাসব্যাপী হরতাল-অবরোধের মধ্যেও সরকার রায় কার্যকরের এই ঝুঁকি নিয়েছে নিশ্চয় অনেক হিসাব-নিকাশ করেই।
আর প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, ৪০ বছরের বেশি সময় আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধাপরাধের দায়ে বিরোধী নেতা কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়েছে। একই অপরাধে সরকার গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন আরও কয়েকজন নেতা। তাঁদের মধ্যে কাদের মোল্লাকেই প্রথমে ফাঁসি দেওয়া হলো। এই ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ আরও সহিংসতার মধ্যে পড়ল।
কাতার থেকে প্রকাশিত আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিরোধী নেতা কাদের মোল্লার ফাঁসির পর বাংলাদেশে সহিংসতা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ওই রাতেই খুন হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লাগের দুই কর্মীসহ কয়েকজন। পাকিস্তানের দ্য ডন পত্রিকার খবরে বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে দলের নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পর গতকাল শুক্রবার জামায়াতের কর্মী-সমর্থকদের ভয়াবহ সহিংসতায় কেঁপে উঠেছে বাংলাদেশ। এই ফাঁসির কারণে আরও সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।