সহিংসতায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনের সচিব (যুগ্ম সচিব) এম এ সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
একই সঙ্গে কমিশন মনে করে, মানবাধিকারের আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে রাষ্ট্রকে সন্ত্রাস-সহিংসতা বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানবাধিকারের স্বার্থে সব পক্ষকে সহনশীলতা বজায় রাখারও আহ্বান জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকে, বগুড়ায় তিনটি গাড়িতে পেট্রলবোমা-অগ্নিসংযোগ এবং ঢাকায় ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হন। সিলেটে অটোরিকশায় ককটেল হামলায় ছয়জন দগ্ধ এবং দুই শিশুসহ চারজন আহত হন। জাতীয় মানবাধিকার কমিশন এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছে।
কমিশন বলেছে, সহিংসতা বা সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। এগুলো মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রের সব নাগরিকের নিরাপদ জীবন যাপন ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।