সহিংসতায় রূপ নিয়েছে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল উদ্ধারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সমবায় ব্যাংকের জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। পরে ওই জমিতে ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র’-এর ব্যানার টাঙিয়ে দেন তাঁরা ।  ছবি: প্রথম আলো
হল উদ্ধারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সমবায় ব্যাংকের জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। পরে ওই জমিতে ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র’-এর ব্যানার টাঙিয়ে দেন তাঁরা । ছবি: প্রথম আলো

বেদখল হয়ে থাকা হল উদ্ধারে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে সমবায় ব্যাংকের একটি জায়গার সীমানাপ্রাচীর ভেঙে দখল করেছেন তাঁরা। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে গতকাল মঙ্গলবার প্রধান ফটকে তাঁরা তালা ঝুলিয়ে দিয়েছেন।
দখল করার পর গতকাল ওই জমির প্রবেশফটকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ব্যানার লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া তিন দিনের মধ্যে ব্যাংলাদেশ ব্যাংকের শাখাটি স্থানান্তরের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা; নেতৃত্বে আছেন ছাত্রলীগের নেতারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেদখল হয়ে থাকা নাজিমউদ্দিন হলের একাংশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি চক্র। ওই জমিটির একাংশ উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। বাকি অংশ উদ্ধার করা হবে কাল (আজ বুধবার)।’
সাবেক উপাচার্য সিরাজুল ইসলাম খান বেদখল হওয়া হলসহ সম্পত্তির তথ্য জানতে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছিলেন। সেই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বেদখলে থাকা ১১টি হলের মধ্যে নাজিমউদ্দিন হল ছিল না।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জনসন রোড এলাকায় কয়েকটি মিনিবাস ভাঙচুর করেন ।  ছবি: প্রথম আলো
আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জনসন রোড এলাকায় কয়েকটি মিনিবাস ভাঙচুর করেন । ছবি: প্রথম আলো

গতকাল সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করে সংগ্রাম পরিষদ। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা মিছিল নিয়ে ব্যাংকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। এতে ব্যাংকের ভেতরে অনেকেই আটকা পড়েন। দুপুর ১২টার দিকে ব্যাংকের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ ব্যানার লাগিয়ে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
সমাবেশে শিক্ষকনেতারা বলেন, দাবি আদায়ে ১৫ দিন ধরে টানা আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এখন কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
বেলা একটার দিকে সমবায় ব্যাংকের জমিতে থাকা হকারদের কয়েকটি দোকান জ্বালিয়ে দেন শিক্ষার্থীরা। কাঠের চৌকির ওপর ওই সব দোকানে ছিল শীতের কাপড়। তবে ওই সময় কোনো দোকানি ছিলেন না। সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
বেলা আড়াইটার দিকে ভিক্টোরিয়া পার্কসংলগ্ন এলাকায় ২০-২৫ জন পুলিশ সদস্য ক্যাম্পাসের দিকে আসতে চাইলে তাঁদের ধাওয়া করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ সদস্যরা ঢাকা জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢুকে পড়লে শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য করে সেখানেও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা তিনটি যাত্রীবাহী মিনিবাসের কাচ ভাঙচুর করেন। পরে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শিক্ষার্থীদের শান্ত করেন।
ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা আবার কিছুক্ষণ বাংলাদেশ ব্যাংকের শাখায় ইট ছোড়েন। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত সদরঘাট-গুলিস্তান সড়কের বিভিন্ন স্থানে সাতটি টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধারে ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক গতকাল বিকেলে উপাচার্য মীজানুর রহমানের কার্যালয়ে বৈঠক করেন।
সংহতি প্রকাশ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।