সহিংসতায় শেষ হলো ভোট, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা, সংঘর্ষ আর আতঙ্কের মধ্যে দিয়ে শেষ হলো একতরফা নির্বাচনের ভোটগ্রহণ। এখন বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে।

১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি ১৪৭টি আসনে আজ চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটারের ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে ভোটারের উপস্থিতি ছিল কম। সহিংসতা ও সংঘর্ষের কারণে বেশ কিছু ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

প্রাথমিকভাবে চারটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

ঢাকা-৭: ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের মোস্তাফা জালাল মহিউদ্দিন ২৯৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. সেলিম ২৮৭ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৩: এ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফ এক হাজার ৭৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী পেয়েছেন ১৪৮ ভোট।

গাজীপুর-৪

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ১১৭ কেন্দ্রের মধ্যে ৭০টির ফলাফল পাওয়া গেছে। এরগুলো মধ্যে এর মধ্যে সিমিন হোসেন রিমি (নৌকা) ৬৫ হাজার ১৯০ ভোট পেয়ে এগিয়ে আছেন। লাঙ্গল প্রতীক নিয়ে এম এম আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৪৯৪ ভোট, বিএনএফের প্রার্থী সারুয়ারে কায়নাত্ টেলিভিশন প্রতীক নিয়ে ১ হাজার ৯৯ ভোট পেয়েছেন।

কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফল ঘোষণা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আলাউদ্দিন আলী।