সহিংসতায় সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান
বাংলাদেশে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং থেকে এই আহ্বান জানানো হয়। সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই মর্মাহত। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাই।
জেন সাকি বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের সহিংসতা বন্ধ করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও যাঁরা দেশকে নেতৃত্ব দেওয়ার আশা পোষণ করেন, তাঁদের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হবে এবং সহিংসতায় সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে হবে।