চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহিংস ঘটনায় নিহত ও আহত ৩২২ জনকে সব মিলিয়ে প্রায় ৯০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)৷ এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে উত্থাপনের জন্য কমিশন সচিবালয় থেকে নথি তৈরি করা হয়েছে৷
কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে সহিংসতায় হতাহত ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮৯ জন এবং ১৩৩ জন ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন৷ তাঁদের মধ্যে সাতজন নিহত হন৷ নিহত ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর দুজন, পুলিশ ও আনসারের একজন করে সদস্য এবং তিনজন ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন৷ নিহত ব্যক্তিদের পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে৷ আহত ব্যক্তিদের সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে৷
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারির একতরফা সংসদ নির্বাচনে ১৭ জেলায় সহিংসতা হয়৷ এতে ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য হতাহত হন৷
জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ১৯ জুন কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নীতিমালা অনুমোদন করে৷ এতে বলা হয়েছে, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে দুই লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া যাবে৷