সহিংসতায় ৩৫ কোটি টাকার গাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ মাসে রাজনৈতিক সহিংসতায় ৬৫ হাজার গাছ নিধন করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। বর্তমানে এর আর্থিক মূল্য (শুধু কাঠের দাম) ৩৫ কোটি টাকা।

 ‘সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের তথ্যাদি উপস্থাপন’ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই হিসাব তুলে ধরে পরিবেশবাদী এই সংগঠনটি।

রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশের ২৪টি জেলায় গাছ নিধনের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে নোয়াখালী, সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি গাছ কাটা হয় বলে জানানো হয়। নিধন হওয়া গাছগুলোর মালিক বন বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং কিছু বেসরকারি সংগঠন।

যত গাছ কাটা হয়েছে এর ক্ষতি পুষিয়ে উঠতে ২০ থেকে ৩০ বছর সময় লাগবে বলে দাবি করা হয় প্রবন্ধে। এই গাছ নিধনে দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদি একটি গাছের পূর্ণ জীবনকালে দেওয়া সেবাগুলো ধরা হয় তবে নিধন হওয়া গাছগুলোর প্রকৃত মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা বলে দাবি করেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। একটি গাছের আয়ুষ্কাল, এই সময়ে এর কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতা, পানির সংরক্ষণে ভূমিকা, গাছের ওপর নির্ভরশীল অন্যান্য প্রাণির জীবন—এসব বিষয় বিবেচনা করে তিনি এই হিসাব তুলে ধরেন।

আলোচনায় পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় সড়ক অবরোধের নামে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, জেলা, উপজেলা ও গ্রামীণ সড়কে যেভাবে গাছ কাটা হয়েছে তাকে নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই বলা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক সংগঠনগুলোর কাছে অনুরোধ জানান তিনি।