সহিদ কমিশনার চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ার বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মো. সাইদুর রহমান ওরফে সহিদ কমিশনারকে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল্লাহ মাসুদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন এই হত্যা মামলায় গতকাল সহিদ কমিশনারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারী। তাঁর নিজস্ব সন্ত্রাসী ও অস্ত্রধারী বাহিনী আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ড আবেদনের বিরোধিতা করেন ও সহিদ কমিশনারের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী শাহাদাত হোসেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ ফেব্রুয়ারি ভোরে র‌্যাব-১০-এর একটি দল সাবেক ওয়ার্ড কমিশনার সহিদের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬২টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।