সহিদ কমিশনার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু সন্ত্রাসীর লালনকারী ও দশম সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ওরফে সহিদ কমিশনারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আবদুস সালাম এই আদেশ দেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান গতকাল সহিদ কমিশনারকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
রিমান্ডের প্রতিবেদনে বলা হয়, সাইদুর রহমানের গেন্ডারিয়ার সতীশ সরকার লেনের বাসায় অভিযান চালিয়ে তাঁকে চারটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব। কিন্তু সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়। আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর সঙ্গে আর কে কে ছিল, পলাতক ব্যক্তি এবং অস্ত্রের উৎস জানতে রিমান্ডে নেওয়া প্রয়োজন। সহিদ কমিশনারকে গত মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁকে গেন্ডারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে।