সহিদের বিরুদ্ধে কুয়েতের এক সাংসদের সাক্ষ্য
কুয়েতে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সাংসদ মোহাম্মদ সহিদ ইসলামের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন কুয়েতের সংসদ সদস্য সাদাউন হামাদ।
কুয়েতের আরবি দৈনিক আল রাই তাদের অনলাইন সংস্করণে এ তথ্য জানিয়েছে।
সহিদ ইসলামের কাছ থেকে ঘুষ নিয়ে তাঁকে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে কুয়েতের দুই সাংসদ সাদাউন হামাদ ও সালাহ খুরশিদের বিরুদ্ধে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সালাহ খুরশিদ বৃহস্পতিবার আদালতে উপস্থিত হননি। আদালত তাঁকে গ্রেপ্তার করে ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন হাজির করার নির্দেশ দেন।
সহিদ ইসলামের বিরুদ্ধে করা মামলার আসামিদের তালিকায় সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি (এখন বরখাস্ত) মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহর নাম রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর মামলার প্রথম দিনের শুনানিতে সহিদ ইসলাম অবৈধ মুদ্রা পাচার ও ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, সে দেশের দুই সাংসদ সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ এবং মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহকে চেনেন না।
লক্ষ্মীপুর–২ আসনের সাংসদ সহিদকে গত ৬ জুন কুয়েতের পুলিশ আটক করে। ১৪ জুন তাঁকে কারাগারে পাঠানো হয়।