সহোদর দুই শিশুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সহোদর শিশুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুস সামাদের ছেলে আবদুল আলী (৩৫), মারফত উল্লাহর ছেলে সায়েদ আলী (৪০) এবং আবদুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর দুই শিশু সন্তান আবদুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। আসামিরা পূর্বপরিচিত হওয়ার কারণে ওই শিশুর পরিবার সন্তানদের তাঁদের সঙ্গে দেন। পরের দিন দুই ভাইয়ের গলা কাটা লাশ পুলিশ পাশের তিতার কোনা গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করে। এ ঘটনায় দুই শিশুর বাবা সিদ্দিক আলী বাদী হয়ে ঘটনার পরের দিন ওই তিনজনকে আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন।

আসামি আবদুল আলীকে গ্রেপ্তার হলে তিনি আদালতে স্বীকারোক্তি জবানবন্দিতে বলেছিলেন, ওই শিশু দুটির পরিবারের সঙ্গে তাঁদের জমিসহ নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাঁরা ওই হত্যাকাণ্ড ঘটান। মামলা চলাকালে অপর দুই আসামি পলাতক ছিলেন। আসামি আবদুল আলীর উপস্থিতিতে আদালত আজ রায় ঘোষণা করেন। এ রায় শুনানিকালে শিশু দুটির মা-বাবাসহ তাঁদের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় নিহত দুই শিশুর বাবা সিদ্দিক আলী বলেন, ভবিষ্যতে উচ্চ আদালতে এ রায় বহাল থাকলেই তিনি ও তাঁর পরিবার খুশি। তবে দীর্ঘ আট বছরেও পলাতক দুই আসামি গ্রেপ্তার না হওয়ার জন্য ক্ষোভ জানান তিনি।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন আবদুল আহাদ ফারুক।