সহোদর দুই শিশু হত্যার দায়ে তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সহোদর দুই শিশুকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন গতকাল রোববার বিকেলে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুল আলী (৩৫), সায়েদ আলী (৪০) ও আরজু মিয়া (৩৮)। রায় ঘোষণার সময় আবদুল আলী উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর দুই শিশুপুত্র আবদুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। আসামিরা পূর্বপরিচিত হওয়ার কারণে এ দুই শিশুর পরিবার সন্তানদের তাঁদের সঙ্গে দেয়। পরদিন দুই ভাইয়ের গলাকাটা লাশ পুলিশ পাশের তিতার কোনা গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করে। এ ঘটনায় সিদ্দিক আলী পরদিন ওই তিনজনকে আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ আসামি আবদুল আলীকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি জানিয়েছিলেন, জমিজমাসহ নানা বিষয় নিয়ে ওই দুই শিশুর পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর জের ধরে শিশুদের গলা কেটে হত্যা করা হয়। মামলার অপর দুই আসামি পলাতক।
রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সিদ্দিক আলী বলেন, উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে তিনি ও তাঁর পরিবার খুশি হবেন। তবে আট বছরেও পলাতক দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।