সহ-উপাচার্যের অপসারণ দাবি
আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের অপসারণ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। গতকাল শনিবার বেলা একটার দিকে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
সহ–উপাচার্য শাহিনুর রহমান বলেন, ‘অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এসব অভিযোগ করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনে শিক্ষক লাউঞ্জে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি অধ্যাপক জাকারিয়া রহমান লিখিত বক্তব্য পড়েন। প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন সংবাদ সম্মেলন পরিচালনা করেন। লিখিত বক্তব্যে শাহিনুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করা হয়।