কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র দেন। এর একটি অনুলিপি উপাচার্যের কাছে দেওয়া হয়।
উপাচার্যের কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্রের একটি অনুলিপি উপাচার্য আবদুল হাকিম সরকারের কাছে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর করা এ পদত্যাগপত্রে সহ-উপাচার্য শাহিনুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। সহ-উপাচার্য পদত্যাগের সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের নিজের ইংরেজি বিভাগে যোগদান করেছেন।
জানতে চাইলে শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি এবং একাডেমিক বিষয় নিয়ে গুরুত্ব দিতে চাচ্ছি।’
উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগপত্রের অনুলিপি পেয়েছি। আর এ ব্যাপারে আমি সরকারের নির্দেশনা ছাড়া কোনো মন্তব্য করতে পারি না।’