সাঁওতাল গ্রামে হামলা ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল গ্রামে হামলা, হত্যা, অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা সাঁওতাল গ্রামে হামলা ও হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল মঙ্গলবার এক সমাবেশে এ দাবি করা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ, কাপেং ফাউন্ডেশনসহ কয়েকটি মানবাধিকার সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার কাছের সাঁওতাল গ্রামে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিনজন নিহত হন। এ সময় পুলিশ সাঁওতালদের নির্মাণ করা সব কটি ঘর পুড়িয়ে দেয়।
গতকালের সমাবেশে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, কোনো রকম নোটিশ না দিয়ে উচ্ছেদ করা কোনোভাবে কাম্য নয়। দোষী ব্যক্তিদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ভূমি কমিশন গঠন করে সমতলের আদিবাসীদের ভূমির ন্যায়সংগত অধিকার ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, দেড় মাস হয়ে গেল সাঁওতাল আদিবাসীরা এখনো খোলা আকাশের নিচে বসবাস করছেন। সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। সাঁওতাল আদিবাসীদের জমি দ্রুত ফিরিয়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে বিজয়ের মাসে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাইবোনদের কান্না শোনা যাচ্ছে। বাঙালিদের মতো বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরাও শহীদ হয়েছেন। অথচ তাঁরা কোনো নিরাপত্তা পাচ্ছে না।’
সভায় বক্তব্য দেন সাংসদ উষাতন তালুকদার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নারীনেত্রী খুশী কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রমুখ। সমাবেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ভূমি ফিরিয়ে দেওয়ার দাবির পাশাপাশি সাঁওতালদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।