সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬০তম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিশিষ্টজনেরা এ বিদ্রোহের তাৎপর্য তুলে ধরে সংগ্রামী আদিবাসী নেতাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত হয় তির ছোড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলার।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: আলোচনা সভা, তির ছোড়া ও বটপাতা দিয়ে বাটি তৈরির প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬০তম বার্ষিকী পালন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাতীয় আদিবাসী পরিষদ ও মানওয়া নাট্যদল। গোদাগাড়ীর কাঁকনহাট পৌর এলাকার সুন্দরপুর গ্রামে মানওয়া নাট্যগোষ্ঠী সকালে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু মুর্মু ও কানু মুর্মুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও পূজা করে অনুষ্ঠানের সূচনা করে। দুপুরে পুরুষদের তিন ছোড়া এবং নারীদের বটপাতা ও নিমের খিল দিয়ে বাটি তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তির ছোড়া প্রতিযোগিতায় প্রথম হন রুপিয়েল সরেন ও বাটি তৈরি প্রতিযোগিতায় প্রথম হন লক্ষ্মী হেমব্রম।
জাতীয় আদিবাসী পরিষদের গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি নন্দলাল টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, আদিবাসী নেতা গণেশ মার্ডি, রবীন্দ্রনাথ হেমব্রম, সুস্মিতা টুডু, কর্নেলিউস হাসদা, উকিল হেমব্রম, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনার পর আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী ছাড়াও বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ও গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে আদিবাসীরা সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।
রাজশাহী: বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও), রক্ষাগোলা সাংস্কৃতিক কেন্দ্র ও রক্ষাগোলা গ্রাম সমাজের উদ্যোগে গতকাল রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ, মানববন্ধন, শোভাযাত্রা ও নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে আলোচনার আয়োজন করা হয়। এতে আদিবাসী নারীদের উদ্দেশে প্রধান অতিথি কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘মায়েরা, আর ঘুমানোর সময় নাই। ১৬০ বছর আগে সিধু-কানু যে আদর্শ রেখে গেছেন, তা বুকে ধারণ করে আজ কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে যদি কিছু হয়। কারণ প্রশাসন-রাষ্ট্র কেউ আপনাদের পাশে নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিবিভিও এর সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল স্বপন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রক্ষাগোলা কর্মসূচির সমন্বয়কারী ও আদিবাসী নেতা এভারেস্ট হেমব্রম, রক্ষাগোলা সংগঠনের নেত্রী ঝরনা লাকড়া প্রমুখ।
দিনাজপুর: দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আদিবাসীদের গণসমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘আদিবাসীদের প্রতি রাষ্ট্রের ভূমিকা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, আমি সবার।’ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ ও দিনাজপুরের নাগরিক সমাজ এই গণসমাবেশের আয়োজন করে।
জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও ‘হেকস বাংলাদেশ’-এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ।