সাঁওতাল বিদ্রোহ দিবস আজ
আজ ৩০ জুন সাঁওতাল বিদ্রোহের ১৫৭তম বার্ষিকী। ১৮৫৫ সালের এ দিনে সাঁওতালেরা বিদ্রোহ বা ‘হুল’ শুরু করে রচনা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিবছরের মতো এবারও এ দিনটিতে ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ পালিত হবে। ভারতের ভাগলপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রায় দেড় হাজার বর্গমাইল এলাকা দামিন-ই-কোহ্ বা ‘পাহাড়ের ওড়না’ এলাকা হিসেবে পরিচিত ছিল। ভাগলপুরের ভগনাডিহি গ্রামের বাসিন্দা সিধু, কানু, চাঁদ ও ভৈরব—এই চার ভাইয়ের নেতৃত্বে ওই অঞ্চলে সংঘটিত হয় সাঁওতাল বিদ্রোহ। ১৮৫৫ সালের ৩০ জুন ভগনাডিহি গ্রামে ওই অঞ্চলের ৪০০টি গ্রামের ১০ হাজার সাঁওতাল কৃষক জমায়েত হন। সমবেত সাঁওতাল কৃষকেরা সেদিন শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় শপথ নিয়েছিলেন। সেদিনের শপথ ছিল বিদ্রোহের শপথ। জমায়েতে সিদ্ধান্ত হয়, অত্যাচারী শোষকদের হাত থেকে রক্ষায় সবাইকে এক হয়ে লড়তে হবে, জমির খাজনা দেওয়া হবে না, প্রত্যেকের যত খুশি জমি চাষ করার স্বাধীনতা থাকবে, নিজেদের মতো করে সরকার কায়েম করা হবে ইত্যাদি। জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওই বিদ্রোহের পরে এলাকার শোষিত-বঞ্চিত বাঙালি ও বিহারি হিন্দু-মুসলমান গরিব কৃষক এবং কারিগরেরাও যোগ দেন। সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের আজও গাইতে শোনা যায়, ‘সিদো-কানহু খুড়খুড়ি চাঁদ-ভায়রো ঘোড়া উপরে দেখ সে রে! চাঁদ রে! ভায়রো রে! খোড়া ভায়য়োরে মুলিনে মুলিনে।’ বিদ্রোহে নেতৃত্ব দেওয়া সিধু ও কানু পালকিতে এবং চাঁদ ও ভৈরব ঘোড়ায় চড়ে বিদ্রোহীদের পাশে থেকে উৎসাহ দিতেন।