সাঁওতাল শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক রচনার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁওতাল শিশুদের মাতৃভাষায় প্রাক্-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে সাঁওতালি (রোমান) বর্ণমালা ব্যবহারের দাবিতে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সান্তাল লেখক ফোরাম, সাঁওতাল সাহিত্য পত্রিকা তাবিথা সংবাদ ও আদিবাসী সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংহতি জানায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আদিবাসী মুক্তি মোর্চা নামের আরও দুটি সংগঠন।
মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্ণেলিউস মুরমু, সান্তাল লেখক ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমব্রম, তাবিথা সংবাদ-এ সম্পাদক স্টেফান সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক যাকারিয়া ডুমরীসহ রবীন্দ্রনাথ হেমব্রম, শির্থী দিনা মুরমু প্রমুখ।