
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার ও অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে সাঁওতালরা এই দাবি জানান।
এর আগে সাঁওতালদের একটি বিক্ষোভ মিছিল সাহেবগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে। বৃষ্টি উপেক্ষা করে পাঁচ শতাধিক সাঁওতাল ও বাঙালি লাল পতাকা হাতে মিছিলে অংশ নেন। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী বাঙালি সংহতি সমাবেশ এবং গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাক্সে। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিপিবি জেলা শাখার সহসাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, অলিভিয়া মাড্ডি, প্রিসিলা মুরমু, ছাত্রনেতা রানু সরকার প্রমুখ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় তিনজন সাঁওতাল হত্যা, ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ৯ মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু হত্যাকাণ্ডের বিচার, সাঁওতালদের দায়ের করা মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তাই অবিলম্বে সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার ও সাঁওতালদের পৈতৃক সম্পত্তি ফেরত দিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।