সাঁওতাল হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল (মহিমাগঞ্জ চিনিকল) শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ এবং গুলিতে তিন সাঁওতালের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সচেতন নাগরিকেরা। সরেজমিনে মহিমাগঞ্জ চিনিকল এলাকা ঘুরে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।
লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপত্তাসহ নিজেদের ভূমিতে বসবাসের নিশ্চয়তা, আহত ব্যক্তিদের চিকিৎসার দায়দায়িত্ব সরকারকে নেওয়ার, মিথ্যা মামলা প্রত্যাহার, আদিবাসীদের প্রতিষ্ঠা করা, ফুলমনি মুরমু শিশুশিক্ষা ও সংস্কৃতিকেন্দ্র সরকারি খরচে নির্মাণ এবং ঘটনার জন্য দায়ী প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের মূল বক্তা অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, ৩০০ বছর ধরে রাষ্ট্র আদিবাসীদের ওপর অত্যাচার করে যাচ্ছে। এ ধরনের ঘটনা যখনই ঘটে, সরকার চোখ বন্ধ করে থাকে। আদিবাসীরা সৎ। সংঘর্ষে তাঁরা তিরের ডগায় বিশেষ কিছু ব্যবহার করেননি, করলে যাঁরা তিরবিদ্ধ হয়েছেন, তাঁরা সবাই মারা যেতেন। অথচ পুলিশ নির্বিচারে গুলি করে তিনজনকে হত্যা করেছে।
ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, “আমি সাঁওতালদের উচ্ছেদ চাই।” তাঁর কণ্ঠে আইয়ুব খানের কণ্ঠস্বর শুনেছি। এটা সাম্প্রদায়িক দম্ভোক্তি।’
ঘটনার তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করে লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার হতদরিদ্র সাঁওতালদের ওপর পাকিস্তানি বাহিনীর মতো বল প্রয়োগ করে যাচ্ছে।
নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, জমি অধিগ্রহণ চুক্তিতে বলা আছে, এর শ্রেণি পরিবর্তন করা যাবে না। সরকার জালিয়াতি করে সাঁওতালদের জমির শ্রেণি পরিবর্তন করে খাসজমিতে পরিণত করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, সরেজমিনে গেলে সাঁওতালরা ঘটনার জন্য সাংসদ আবুল কালাম আজাদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলকে দায়ী করেছেন। ভাড়াটে সন্ত্রাসীরা সাঁওতালপাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাঁওতালদের অভিযোগ, গুলি করে লাশ গুম করা হয়েছে। এখন এসব লাশের খোঁজে তাঁরা এক গ্রাম থেকে আরেক গ্রাম চষে বেড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ প্রমুখ।