সাঁওতালদের আতঙ্ক কাটেনি দুই মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের কর্মী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ, তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর দুই মাস পেরিয়ে গেল গতকাল শুক্রবার। তবে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সাঁওতালরা, আতঙ্ক আছে তাদের মধ্যে।
সংঘর্ষ-হামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে গতকাল মো. শহিদুল্লাহ উপজেলার মাদারপুর ও জয়পুর গ্রামে যান।
সাঁওতালরা এখনো আতঙ্কে আছে জানিয়ে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে প্রথম আলোকে বলেন, ‘এখনো আমাদের লোকজন বাজারে যেতে ভয় পাচ্ছে। বাজারে অপরিচিত লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, সাঁওতাল-অধ্যুষিত ওই দুই গ্রামের পরিস্থিতি এখন ভালো। তাদের নিরাপত্তায় সাহেবগঞ্জ খামার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে গতকাল সারা দিন মাদারপুর ও জয়পুর গ্রামে সাঁওতাল পরিবারের শিশু-কিশোরদের নিয়ে খেলাধুলা, নাচগান, ছবি আঁকা ও তির ছোড়া প্রতিযোগিতার আয়োজন করে বগুড়ার কিশোর ডালিম মিয়া ও তার ১০ বন্ধু। পরে বিজয়ী ৫০ শিশুকে পুরস্কার হিসেবে বিভিন্ন সামগ্রীসহ গল্পের বই তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। সাঁওতালপল্লিতে আশ্রয় নেওয়া নারী-পুরুষ এ আয়োজন উপভোগ করেন।
গত ৬ নভেম্বর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে তিরবিদ্ধ হয় নয়জন এবং গুলিবিদ্ধ হয় চারজন। এ ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হয়।
মামলার পরিস্থিতি: গোবিন্দগঞ্জের ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে ঘটনার দিন রাতেই পুলিশ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪২ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে। এ মামলায় চারজন সাঁওতালকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁরা জামিন পান।
গত ১৬ নভেম্বর ৬০০ জনকে আসামি করে স্বপন মুরমু নামের এক ব্যক্তির করা মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ২৬ নভেম্বর স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে থোমাস হেমরম নামের আরেক ব্যক্তি ৩৩ জনের নাম উল্লেখ করে ও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে যে মামলা করেন, তাতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
গোবিন্দগঞ্জ থানায় স্বপন মুরমু ও থোমাস হেমরমের করা মামলা পিবিআইয়ের পদস্থ কর্মকর্তাদের দিয়ে তদন্তে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শককে পদক্ষেপ নিতে আদালত নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য কাল রোববার (৮ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।