সাঁওতালদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, হত্যা, ঘরে আগুন, পুরোনো বসতবাড়িতে লুটপাটের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেপ্তার হলেন।

গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রামের রনি মিয়া (৩২) ও একই গ্রামের মো. জনি (২৮)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকারের ভাষ্য, সাঁওতালদের করা মামলায় সন্দেহভাজন ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন। গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। সাঁওতালদের পক্ষে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এই মামলা করেন।