আর দুই দিন পর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের মধ্যে কোনো আনন্দ নেই। কোনো কাজ না থাকায় খাবারেরও অভাব। বিশেষ করে খামারের জমি পুনরুদ্ধারের আশা দিয়ে আনা তাঁবুবাসী সাঁওতালদের দিন কাটছে নিদারুণ কষ্টে।
রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জায়গায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সাঁওতালদের এনে বসতি গড়ে তোলার নেপথ্যের মহলটি গা ঢাকা দিয়েছে। আর এখন প্রধান দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা পরস্পরকে দোষারোপ করছেন সাঁওতালদের মদদ দেওয়ার জন্য।
বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাহেবগঞ্জ খামারের জমি পুনরুদ্ধারের কথা বলে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সাঁওতালদের সাহেবগঞ্জে আসতে ২০১৩ সাল থেকে উদ্বুদ্ধ করা হয়। ‘সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটি’ হয় ২০১৪ সালে। তবে এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে সাঁওতালরা ছিলেন না। গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ এবং আগে থেকেই খামারের জমি লিজ নেওয়া জাতীয় পার্টির স্থানীয় নেতা শাজাহান মিয়া ছিলেন নেতৃত্বে। তাঁরা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হন। শাকিল আহমেদ সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভূমি উদ্ধার কমিটিতে নিষ্ক্রিয় হয়ে যান। একক নেতৃত্ব চলে আসে শাজাহান মিয়ার হাতে।
শাজাহান গত ১ জুলাই খামারে সাঁওতালদের দিয়ে চারটি বড় বসতি তৈরি করেন এবং পুরো খামারের নেতৃত্ব নেন। চিনিকলের লোকদের খামার থেকে তাড়িয়ে দেওয়া হয়। ৬ নভেম্বর খামার থেকে এসব বসতি উচ্ছেদের পর তিনি গা ঢাকা দিয়েছেন। উচ্ছেদকারী দলের সঙ্গে থাকা ইউপি চেয়ারম্যান শাকিলও গা ঢাকা দিয়েছেন। মুঠোফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, শাজাহান মিয়া খামারের জমি লিজ নিয়ে টাকা শোধ করেননি। খেলাপি হওয়ায় পরে তাঁকে লিজ দেওয়া হয়নি। কিন্তু তিনি তাঁর ছেলে ও আত্মীয়দের মাধ্যমে বেনামে খামারের জমি লিজ নেন। পরে সাঁওতালদের নিয়ে খামারের জমি দখল করে আধিপত্য কায়েম করেন। আগের লিজ গ্রহণকারীদের কাছে প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়েছে।
গত চার দিনে সরেজমিনে দেখা যায়, বাইরে থেকে আসা সাঁওতালদের বেশির ভাগই নিজ জেলায় ফিরে গেছেন। তবে তাঁদের প্রতিনিধি হিসেবে পরিবারের এক বা দুজন করে খামারের পাশের সাঁওতালপল্লিতে রয়েছেন। তাঁরাই মূলত তাঁবুতে বসবাস করছেন। গতকাল বুধবারও তাঁরা বলেছেন, তাঁদের পুনর্বাসন না করা হলে তাঁরা এখান থেকে যাবেন না। এখন ত্রাণ আসাও কমে গেছে। কোনো কাজও তাঁরা পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটে আছেন।
দিনাজপুরের ঘোড়াঘাটের হরিনাথপুরের নীলমনি সরেন, বুদ্ধিন কিস্কু, খুকি হাসদা, পীরগঞ্জের বুলি টুডু, দিনাজপুরের আরতি মাড্ডিসহ অনেকে বললেন, খুব কষ্টে দিন যাচ্ছে তাঁদের। খাদ্যাভাবে দিনে দুবেলা রান্না। সকালের খাবার সকাল ১০টা-১১টার মধ্যে। ভাতের সঙ্গে শাক বা ডাল। রাতেও ওই একই খাবার, আটটা-নয়টার মধ্যে। দুপুরে কেউ কেউ লবণ দিয়ে লাল চা পান করেন।
খামারে উচ্ছেদ অভিযানের পর বহিরাগত এই সাঁওতালদের মতো স্থানীয় সাঁওতালরাও বেকার। সাঁওতালরা মূলত কৃষিজীবী। অধিকাংশই ভূমিহীন। পরিশ্রমী বলে কৃষিশ্রমিক হিসেবে তাঁদের চাহিদা ভালো। তবে কেন যেন এখন তাঁদের কেউ আগের মতো কাজে নিতে আগ্রহী নন। সাঁওতালপল্লির মাদারপুর গ্রামের অনিল সরেন, রসেন মাড্ডি, কার্তিক রবিদাসরা বলেন, তাঁরা কাজ পাচ্ছেন না। রোপা ধান কাটা হয়ে গেছে। এখন বোরো ধানের জন্য জমিতে চাষ দেওয়া শুরু হচ্ছে। অথচ তাঁরা বেকার বসে আছেন।
মাদারপুর গির্জার সামনে সুবাস মুর্মু বললেন, সামনেই বড়দিন, অথচ এবার কারও মনে আনন্দ নেই। সাঁওতালরা কাজ পাচ্ছেন না। আবার একা একা কাজে যেতেও ভয় পাচ্ছেন। বেকার লোকজন সারা দিন পল্লিতেই বসে বসে অলস, কষ্টকর সময় পার করছেন। এভাবে কত দিন যাবে তা তাঁরা জানেন না।
সাপমারা ইউনিয়নেই বিএনপির এক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির নেতৃত্ব পর্যায়ের একটি প্রভাবশালী পরিবারের বাস। তাঁরা এবং উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা নেপথ্যে থেকে বহিরাগত সাঁওতালদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় সাংসদ (গাইবান্ধা-৪) আবুল কালাম আজাদের। তিনি প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত সাঁওতালদের এখানে এনে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যেসব সাঁওতাল প্রকৃতই এই এলাকার বাসিন্দা, সেই ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন ৩৪ জনের তালিকা করা হয়েছে। কিন্তু এখন বিভিন্ন জেলার কয়েক হাজার সাঁওতাল এসে খামারের জমিতে পুনর্বাসনের দাবি করছে। আমি চাই এলাকায় শান্তি ফিরে আসুক। বহিরাগত সাঁওতালরা নিজ জেলায় ফিরে যাক। তাদের নেতাদের নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, উচ্চপর্যায়ের কর্মকর্তারা সবাই আলোচনায় বসে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে এই সংকটের সমাধান করা হোক।’
তবে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, বাইরের জেলা থেকে কারা সাঁওতালদের এনেছে তা এখন সবাই জানে। আগের মামলা-মোকদ্দমাতেই বিএনপির নেতারা প্রায় এলাকাছাড়া। তারপর খামারে পুলিশি হামলার পর স্বপন মুর্মুকে দিয়ে বিএনপির অনেক নেতা-কর্মীর নামে মামলা করানো হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে। কাজেই বিএনপি সাঁওতালদের মদদ দিচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারি দলের নেতা ও তাঁদের জোট-সঙ্গীরাই নেতৃত্ব দিয়ে সাঁওতালদের এখানে এনেছেন। তাঁরাই খামারের জমি বহু বছর লিজের নামে একচেটিয়া ভোগদখল করছেন। অথচ চিনিকলকে লিজের টাকা পরিশোধ করেননি।