সাঁওতালদের ঘরে ধান তুলে দিল চিনিকল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে আজ বৃহস্পতিবার সকালের দিকে সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ। ছবি: শাহাবুল শাহীন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে আজ বৃহস্পতিবার সকালের দিকে সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ। ছবি: শাহাবুল শাহীন

অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে সাঁওতালদের রোপণ করা ধান কেটে মাড়াইয়ের পর তা সাঁওতালদের ঘরে তুলে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চিনিকল কর্তৃপক্ষ ধান কাটা শুরু করে। এ সময় কোনো সাঁওতালকে দেখা যায়নি।

সাঁওতালদের ফলানো এই ফসল যেন তাঁরা ঘরে তুলতে পারেন—সে ব্যবস্থা নিতে গত ১৭ নভেম্বর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এ ব্যাপারে আগামী ১০ দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমরা মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের পর তা বস্তায় ভরে সাঁওতালদের দিয়েছি।’ তিনি আরও বলেন, সাঁওতালদের কেউ উপস্থিত না থাকলেও তাঁদের সম্মতি নিয়ে ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ধান কাটা হয়।

চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ধান কাটার ওই যন্ত্র এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে ও মাড়াই করতে পারে। আজ বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই একর জমির ধান কাটা ও মাড়াই করা হয়। মাড়াই করা ধান ২৫টি বস্তায় ভরে স্তূপ করে রাখা হয়। বিকেল সাড়ে পাঁচটায় ধানের বস্তা সাঁওতালদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে মাঠের সব পাকা ধান কাটা হবে।

ধান কাটার সময় জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, মহাব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন আকন্দ, মহাব্যবস্থাপক (কারখানা) পিয়ারুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের প্রতিনিধি জাহিদ আলী আনসারী, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধান গ্রহণ করার পর জয়পুর গ্রামের তিরজিউলিশ হেমব্রম (৪৫) আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ধান কাটা নিয়ে আমাদের সঙ্গে ইউএনও সাহেবের কথা হয়েছে। তাঁরা কাঁটাতারের বেড়া খুলে দিলে আমরা ধান কাটব। কিন্তু প্রশাসনের সহযোগিতায় চিনিকল কর্তৃপক্ষ নিজেরাই মেশিন দিয়ে ধান কাটছে। আমরা তাই ধান কাটতে যাইনি।’

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন।