সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু সাঁওতালদের জমি ফেরত দেওয়া, হামলা-হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা, গ্রেপ্তার সাঁওতালদের নিঃশর্ত মুক্তিদান, তাঁদের স্বাভাবিক জীবনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সম্পদ অয়ন মারান্ডী বলেন, ৬ নভেম্বর সাঁওতালপল্লিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখনো অপরিবর্তিত। সেখানকার সবার মধ্যে আতঙ্ক।
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘জমি দখল, উচ্ছেদ আর হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমাদের কাছে এমনভাবে উপস্থাপিত হয় যেন সংখ্যাগুরুর স্বার্থে সেসব করা হচ্ছে। যখন অন্য ধর্মের ওপর আক্রমণ করা হয়, তখন মুসলমানের নামে হয়। আর অন্য জাতির ওপর আক্রমণ হলে বাঙালির নামে করা হয়। কিন্তু সমগ্র মুসলমান, সমগ্র বাঙালি এর জন্য দায়ী নয়।’ সাম্প্রদায়িক-জাতিগত হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।