সাঁওতালদের পুনর্বাসনের পদক্ষেপ জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত রুলের পাশাপাশি এ আদেশ দেন। রুলে ওই ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও ও সংশ্লিষ্ট থানার ওসিসহ বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে কয়েকজন সাঁওতাল নিহত ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগ করা হয়। ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ও সংঘর্ষের পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে ডিসেম্বরে রংপুর সুগার মিল কর্তৃপক্ষের বরাবরে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রকাশ দত্ত অমিত। এর জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৮ জানুয়ারি হাইকোর্ট রুল দেন।

আইনজীবী সূত্র বলেছে, রুলে ওই ঘটনার পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কী কারণে ওই কার্যক্রম পরিচালনা করা হয়েছে, তা জানিয়ে ৩০ দিনের মধ্যে চিনিকলের এমডিকে জবাব দিতে বলা হয়েছে। এর ধারাবাহিকতায় চিনিকলের এমডির পক্ষে একটি প্রতিবেদন দাখিল করা হয়। এর ওপর শুনানি শেষে গতকাল আদালত স্বতঃপ্রণোদিত ওই রুল দেন।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী সুপ্রকাশ দত্ত নিজে শুনানিতে অংশ নেন। রংপুর চিনিকলের এমডির পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।