সাঁওতালদের মামলায় গ্রেপ্তার আরও ৩
সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাতে সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সাঁওতালদের মামলায় গ্রেপ্তারের নামে হয়রানি বন্ধের দাবিতে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামের শাহ আলম (৫৫), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর গ্রামের মুরাদ মিয়া (২৫) ও একই উপজেলার নয়াপাড়া গ্রামের মিনহাজ রহমান (৩০)। এ মামলায় এ পর্যন্ত ২০ জন গ্রেপ্তার হলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাঁওতালদের মামলায় সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে।
৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন। গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। সাঁওতালদের পক্ষে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এই মামলা করেন।
সংবাদ সম্মেলন: সাঁওতালদের মামলায় গ্রেপ্তারের নামে হয়রানি বন্ধের দাবিতে আজ দুপুর ১২টায় গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি। এতে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মণ্ডল বলেন, গ্রেপ্তারের নামে পুলিশ বিএনপি নেতা–কর্মীদের হয়রানি করছে। তিনি অভিযোগ করেন, পুলিশ এ পর্যন্ত বিএনপির সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে। অথচ তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। পুলিশের গ্রেপ্তারের ভয়ে গোবিন্দগঞ্জের অনেক গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। তাঁরা চলতি মৌসুমে ধান কাটতে পারছেন না। তিনি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, পুলিশই স্বপন মুরমুকে বাদী করে মামলাটি করিয়েছে। এটি সাজানো মামলা।
সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদ, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, গোবিন্দগঞ্জ শহর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার আজ দুপুরে মুঠোফোনে বলেন, ‘বিএনপির অভিযোগটি ভিত্তিহীন। আমরা তদন্তে ওই ঘটনার সঙ্গে যাদের জড়িত বলে সন্দেহ করছি, কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।’