সাঁওতালদের সঙ্গে শ্রমিক ও পুলিশের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে গতকাল পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। তিরবিদ্ধ এক পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। (ইনসেটে) তিরবিদ্ধ অপর এক পুলিশ সদস্য l ছবি: প্রথম আলো
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে গতকাল পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। তিরবিদ্ধ এক পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। (ইনসেটে) তিরবিদ্ধ অপর এক পুলিশ সদস্য l ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় গতকাল রোববার পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন কর্মকর্তাসহ নয় পুলিশ সদস্য তিরবিদ্ধ ও সাঁওতাল সম্প্রদায়ের চারজন গুলিবিদ্ধ হন। উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া পুলিশ, র্যা ব ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে গতকাল বিকেল পাঁচটার পর দুই ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযান চালান। এ সময় সাঁওতালরা বাধা না দিয়ে চলে যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিনিকলের শ্রমিক-কর্মচারীরা গতকাল বেলা ১১টার দিকে পুলিশের পাহারায় সাহেবগঞ্জ ইক্ষু খামারসংলগ্ন এলাকার জমিতে আখ কাটতে যান। খামারের জমি অবৈধভাবে দখল করে থাকা সাঁওতালরা এতে বাধা দিলে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাঁওতালরা ইটপাটকেল নিক্ষেপ ও তির ছোড়েন। এতে নয় পুলিশ সদস্য তিরবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েকটি গুলি ছোড়ে। পুলিশের গুলিতে চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিরবিদ্ধ পুলিশের উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন, এএসআই রাজু মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুলিবিদ্ধ সাঁওতালদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে বিকেলে চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশ এবং সাঁওতাল সম্প্রদায়ের লোকজন মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে বিকেল পাঁচটার পর বিপুলসংখ্যক পুলিশ, র্যা ব ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকজনকে নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণ সাঁওতালদের নির্মাণ করা একচালা ঘর ভাঙচুর করে পুড়িয়ে দেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে রাত সাতটার দিকে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় সাঁওতালরা চলে যান।
জানতে চাইলে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে গতকাল সন্ধ্যা সাতটায় মুঠোফোনে দাবি করেন, ‘পুলিশের ছোড়া গুলিতে আমাদের চারজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে একজনের মাথায়, একজনের কোমরে ও দুইজনের পায়ে গুলি লাগে। গ্রেপ্তারের ভয়ে তাদের হাসপাতালে ভর্তি করাতে পারছি না।’
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল মুঠোফোনে বলেন, চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। দুই বছর আগে এসব জমি বাপ-দাদার দাবি করে আন্দোলনে নামেন সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। তাঁরা গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করেন। গতকাল চিনিকলের রোপণ করা আখ সংগ্রহের জন্য কাটতে গেলে সাঁওতালরা বাধা দিলে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, সাঁওতালদের কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, জানা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। সাঁওতালদের ছোড়া তিরে নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে সাহেবগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে।