সাঁওতালপল্লিতে আগুনের ঘটনায় দুই পুলিশ চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন লাগানোর ঘটনায় পুলিশের দুই সদস্য চিহ্নিত হয়েছেন। তাঁরা হলেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ সদস্য মাহবুবুর ও সাজ্জাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছ। এ ছাড়া পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে গাইবান্ধা থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন লাগানোর ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ-সংক্রান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

পুলিশ প্রশাসনের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। প্রতিবেদন নথিভুক্ত করেছেন আদালত।

গত বছর ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও কয়েকজন সাঁওতাল নিহত হন। এরপর সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১৬ নভেম্বর কয়েকটি সংগঠন হাইকোর্টে একটি রিট করে।