সাঁওতালপল্লিতে আগুন দেওয়া দুই পুলিশ সদস্য চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদের সময় সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এই দুজন হলেন সেই সময়কার গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন।
পুলিশের তিন সদস্যের কমিটির অনুসন্ধান প্রতিবেদনে এ দুজন অগ্নিসংযোগ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ এসব প্রতিবেদন দাখিল করে।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) পৃথক দুটি প্রতিবেদন দেন। এর সঙ্গে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে গঠিত পুলিশের তিন সদস্যের অনুসন্ধান কমিটির প্রতিবেদনও দেওয়া হয়। সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত এসব নথিভুক্ত করার আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও কয়েকজন সাঁওতাল নিহত হন। সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ঘটনার প্রায় এক মাস পর গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে সাঁওতালদের ঘরে দুই পুলিশ সদস্যের আগুন দেওয়ার দৃশ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
গতকাল শুনানিকালে আদালত বলেন, মিডিয়া যদি সোচ্চার না হতো, তাহলে ওই ঘটনা এভাবে আসত না। আল-জাজিরা প্লে (প্রচার) না করলে বিষয়টি স্পষ্ট হতো না। দেশীয় গণমাধ্যমও সোচ্চারভাবে প্রচার করেছে। আদালত আরও বলেন, ‘পুলিশ সম্পর্কে যাতে জনমনে খারাপ ধারণা না হয়, সেই জন্য আগে আদেশ দিয়েছিলাম।’
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রতিবেদন উপস্থাপন করেন এবং শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আবু ওবায়দুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী সামিউল আলম সরকার।
মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, ঘটনার দিন চামগাড়ী বিল এলাকায় বিভিন্ন পদমর্যাদার ৮৫ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। তাঁদের মধ্যে ৫৮ জনকে প্রত্যাহারসহ ৭২ জনকে গাইবান্ধা থেকে অন্যত্র বদলি করা হয়েছে। অপর ১৩ জনের মধ্যে একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। বাকি ১২ জন অনুসন্ধান প্রতিবেদন দাখিলের আগে অন্যত্র বদলি হন। এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে আগুন লাগানোর ঘটনা তদন্তে বিচারিক কমিটিকে সব ধরনের সহযোগিতা না করায় এসপি মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে গাইবান্ধা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে আগুন দেওয়ার ভিডিওচিত্র ফরেনসিক ল্যাবের মাধ্যমে পরীক্ষার বিষয়ে নেওয়া পদক্ষেপ চার সপ্তাহের মধ্যে জানাতে আইজিপি ও রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেন। এ ছাড়া ঘটনার দিন চামগাড়ী বিল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরও অবিলম্বে প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে ১৩ ফেব্রুয়ারি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ২২ ফেব্রুয়ারি মতামত, সুপারিশসহ প্রতিবেদন দেয়।
গতকাল দাখিল করা একটি প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান (বর্তমানে দিনাজপুর জেলায় সংযুক্ত) ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন (বর্তমানে পঞ্চগড় জেলায় সংযুক্ত) অগ্নিসংযোগ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য কোনো পুলিশ সদস্য কিংবা পুলিশ ছাড়া কেউ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত আছে বলে প্রতীয়মান হলেও তাঁদের এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে অগ্নিসংযোগের ঘটনায় করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশনা অনুসারে গত ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। ভবিষ্যতে এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হলে তা আদালতকে জানানো হবে।
৬ নভেম্বরের ঘটনার পর সাঁওতালদের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৬ নভেম্বর আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্রতী সামাজিক কল্যাণ সংস্থা ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট একটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ঘটনার দিন আগুন লাগানোয় পুলিশের সম্পৃক্ততা নিয়ে ১৩ ডিসেম্বর ছবিসহ কয়েকটি জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ওই সম্পূরক আবেদন করে রিট আবেদনকারী পক্ষ।
আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা ডিবি পুলিশের উপপরিদর্শক প্রতাপ কুমার প্রথম আলোকে বলেন, সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময় মাহবুবুর রহমান গাইবান্ধা ডিবিতে কর্মরত ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ২২ ফেব্রুয়ারি গাইবান্ধা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ২৩ ফেব্রুয়ারি তাঁকে সাময়িক বরখাস্ত করে দিনাজপুর পুলিশ লাইনসে বদলি করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
কনস্টেবল সাজ্জাদ হোসেন গাইবান্ধা রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড় পুলিশ লাইনসে বদলি করা হয়। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর গাইবান্ধায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।