সাঁওতালপল্লিতে অগ্নিসংযোগ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ও আশপাশের গ্রামগুলো থেকে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালিদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ সাটু হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ আদিবাসী সমন্বয় পরিষদ, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও আদিবাসী মুক্তি মোর্চা জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে ক্ষুদ্র জাতিসত্তা ছাড়াও সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতীন হেমব্রম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ হেমব্রম, গোমস্তাপুরের দিঘরী পরিষদের রাজা জহরলাল এককা প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সিপিবির চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু হাসিব, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর প্রমুখ। বক্তারা সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। তা ছাড়া সাঁওতাল ও বাঙালিদের পৈতৃক ভূমি ফিরিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেন বক্তারা।