সাঁওতালপল্লিতে বেড়া সম্প্রীতির বন্ধনে দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে কাঁটাতারের যে বেড়া তোলা হয়েছে, সেটা শুধুই কাঁটাতারের বেড়া নয়। অনাদি কাল থেকে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আলাদা করার শক্ত দেয়াল। সরকারকেই এই দেয়াল ভাঙার উদ্যোগ নিতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পৈতৃক জমিতে আবাস গড়েছিলেন সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকারের পুলিশ বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ভূমিপুত্রদের ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়েছে। বসতভিটা থেকে উচ্ছেদ করেছে। হাড়ভাঙা খাটুনি করে ভূমিপুত্ররা খামারের জমিতে ধান চাষ করলেও সেখানে কাঁটাতারের বেড়া তুলে ফসলের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে।
জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি রাধা রানি বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব সাইফুজ্জামান, মহিলা ফোরামের জেলা আহ্বায়ক দিলরুবা নুরী, ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান বক্তব্য দেন।