সাঁওতালরা জমি দখল করে কোনো মহলের প্ররোচণায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেছেন, গোবিন্দগঞ্জের ঘটনা বিভিন্ন মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে তা পূর্ণাঙ্গ নয়। প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মহল দ্বারা প্রভাবিত হয়েই সাঁওতালরা চিনিকলের জমি দখল করে। সরকার ওই সব জমি মূল্য দিয়ে অধিগ্রহণ করেছে। কাজেই চিনিকলের জমি সাঁওতালদের দিতে হলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রোববার বিকেলে এক সংবাদ ব্রিফ্রিংয়ে এ কথা বলেন ডিসি। গোবিন্দগঞ্জে সহিংসতার ঘটনা প্রসঙ্গে যৌথ এ প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম।

সাঁওতালদের দাবি প্রসঙ্গে ডিসি আবদুস সামাদ বলেন, মাদারপুর ও জয়পুর গ্রামে ৩১টি পরিবার ভূমিহীন রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে। ইতিমধ্যে ১৪ দশমিক ২৬ একর জমিতে চারটি আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ ছাড়া ওই দুই গ্রামে ১৩ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা ও ৩০০ কম্বল দেওয়া হয়েছে। সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. আশরাফুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জের সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের বক্তব্য প্রচার হচ্ছে। অথচ ঘটনার দিন সাঁওতালরাই তির-ধনুক নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশের নয়জন সদস্য তিরবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আগুন দেওয়া প্রসঙ্গে এসপি বলেন, স্থানীয় জনগণ তাদের আচরণে ক্ষুব্ধ হয়ে চিনিকলের জমিতে তোলা সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে। বর্তমানে নিরাপত্তার জন্য সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার এলাকায় আড়াই শ পুলিশের সদস্য মোতায়েন রয়েছেন।

দুজন গ্রেপ্তার: সাঁওতালদের দায়ের করা মামলায় সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার। তাঁরা হলেন উপজেলার নাসিরাবাদ গ্রামের রনি মিয়া (৩২) এবং মো. জনি (২৮)। এ নিয়ে এ মামলায় মোট ১২ জন গ্রেপ্তার হলেন।

ঘটনাস্থল পরিদর্শন: বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর সাঁওতালপল্লি পরিদর্শন করে। এর আগে গোবিন্দগঞ্জের আওয়ামী লীগের সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী ওই এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া বিকেলে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে যায়।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন সাঁওতাল নিহত, পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ঘটনার ১১ দিন পর গত বুধবার সাঁওতালদের মামলা নেয় পুলিশ। এতে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।