সাঁওতালি বর্ণমালা লেখার সফটওয়্যার ‘হড় কাথা’ এবং এই সফটওয়্যারের সাহায্যে তৈরি সাঁওতালি ভাষায় প্রথম ওয়েবসাইট তৈরি করেছেন দুই শিক্ষার্থী। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ‘হড় কাথা’ ও ওয়েবসাইটটি উদ্বোধন করা হবে।‘হড় কাথা’ তৈরি করেছেন রাজশাহীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র সমর মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ।রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইউআইটিএসের কো-অর্ডিনেটর আরমান আলীসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘হড় কাথা’ উদ্বোধন করা হবে। রাজশাহী নগরের মোল্লাপাড়ায় অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি-বিষয়ক কর্মশালা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সমর মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ জানান, যেকোনো অ্যাপ্লিকেশনে চালু কম্পিউটারে ইউনিকোডভিত্তিক ‘হড় কাথা’ সফটওয়্যারটি কাজ করবে। একই সঙ্গে এর মাধ্যমে অভ্র কিবোর্ডের মতো ইন্টারনেটেও লেখালেখি করা যাবে। সফটওয়্যারটিতে প্রোগ্রামিং প্ল্যাটফর্ম হিসেবে সি সার্প ও জাভা ব্যবহার করা হয়েছে। মাইকেল ও ফিরোজ আরও জানান, সাঁওতালি ভাষায় ইন্টারনেটে লেখালেখির জন্য একটি মাউস ক্লিক কিবোর্ডও তৈরি করা হয়েছে, যা বর্তমানে আদিবাসী বাংলা ব্লগ-৪িংঃঁফু.পড়স-এ সংযুক্ত রয়েছে। এ সফটওয়্যার ও ওয়েবসাইটটি তৈরি করতে তাঁদের প্রায় সাত মাস সময় লেগেছে।দুই শিক্ষার্থী বলেন, এত দিন সাঁওতালি বর্ণমালা লেখার কোনো সফটওয়্যার না থাকায় সাঁওতালি ভাষায় কোনো ওয়েবসাইটও ছিল না। তাঁদের তৈরি ওয়েবসাইটটিই বিশ্বে সাঁওতালি ভাষার প্রথম ওয়েবসাইট বলে তাঁরা দাবি করেন।