সাঁওতালে নিহতের ঘটনায় মামলা হয়নি, আস্থা ফেরাতে তৎপর প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনার সাত দিন পেরিয়ে যাচ্ছে। ওই সংঘর্ষে তিনজন সাঁওতাল নিহত হয়, উচ্ছেদ করা হয় সেখানকার বাসিন্দাদের। তবে নিহত হওয়ার ঘটনা বা সাঁওতাল গ্রামে লুটপাটের ঘটনায় কোনো মামলাই হয়নি।

এই পরিস্থিতিতে আজ শনিবার ঘটনাস্থলে গিয়ে নির্ভয়ে চলাফেরা করতে সাঁওতাল গ্রামের মানুষদের আস্থা ফেরাতে আশার বাণী শুনিয়ে এলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি)।
৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হয়। পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদিন সাঁওতালদের তৈরি ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরদিন সাঁওতাল-অধ্যুষিত গ্রাম মাদারপুরে চলে লুটপাট।
নিহত ব্যক্তিদের মধ্যে ঘটনার দিন রোববার রাতে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন সোমবার রাতে সাহেবগঞ্জ এলাকার ধানখেত থেকে মঙ্গল মারডি (৫০) এবং বৃহস্পতিবার ভোরে রোমেশ সরেন (৪০) নামের দুই সাঁওতালের লাশ উদ্ধার হয়।
আজ জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ওই গ্রাম পরিদর্শনের পর প্রথম আলোকে বলেন, ‘প্রথমে সাঁওতালদের মান-অভিমান ভাঙানো ও আস্থা আনা জরুরি। এই চেষ্টায় মোটামুটি সফল হয়েছি। সাঁওতালদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। প্রশাসন আগে সাঁওতালদের পাশে ছিল, এখনো আছে এবং থাকবে।’
সাঁওতালে নিহত হওয়ার ঘটনা এবং তাদের বাড়িঘরে হামলার বিষয়ে মামলা না হওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাহী তদন্ত করা হবে। অচিরেই তদন্ত কমিটি গঠন করা হবে।
পরিদর্শন শেষে এসপি আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর সাঁওতালদের মধ্যে শঙ্কা ও ভয় বলে যে অভিযোগ ছিল, তা যাতে না থাকে, সে জন্য আমরা গতকাল সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর গ্রামে যাই। তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।’
এসপি বলেন, যেসব সাঁওতাল নিজেকে কর্মহীন বলে দাবি করে, তাদের আগামীকাল রোববার ১০ মেট্রিক টন চাল দেওয়া হবে।
জেলা প্রশাসনের পরিদর্শনের সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ঘটনায় কেবল পুলিশের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। এই ঘটনায় আজ শনিবার বিকেল পর্যন্ত চারজন সাঁওতালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে সাঁওতালদের মধ্যে আতঙ্ক কাটছে না। এখনো তারা বাজারে যেতে ভয় পাচ্ছে। সাঁওতাল ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার-সংলগ্ন মাদারপুর গ্রামে গিয়ে দেখা গেল, তাদের পুরোনো বসতবাড়িতে কেউ নেই। প্রশাসনের লোক আসার কথা শুনে সাঁওতাল পরিবারের সদস্যরা গির্জার সামনে গেছেন। সেখানে গিয়ে দেখা যায়, তাঁরা মনোযোগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনছেন। কেউ কেউ তাঁদের অভাব ও শঙ্কার কথা প্রশাসনকে জানাচ্ছেন। কেউ নিজেদের নিরাপত্তা চাইছেন। প্রশাসনের কর্মকর্তারা তাঁদের আশ্বাস দেন।
মুঠোফোনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, প্রশাসনের কর্মকর্তারা গ্রামে গিয়ে নিরাপত্তা ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি যেন বাস্তবে রূপ নেয়। তিনি আরও বলেন, ‘সাঁওতালদের ওপর হামলা ও হত্যার ঘটনা তদন্তে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়নি।’
আগামীকাল গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরেজমিনে পরিদর্শনে রোববার গাইবান্ধা যাবে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
এদিকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের ওপর ‘রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট ও হত্যার’ প্রতিবাদে গতকাল দুপুরে বাসদ (মার্ক্সবাদী) গাইবান্ধা জেলা শহরে মিছিল ও সমাবেশ করে।
আজ ক্ষতিগ্রস্ত ৪০০ জন সাঁওতাল পরিবারের মধ্যে চাল বিতরণ করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমানের স্ত্রী দিল আফরুজ বানু।