সাঁওতাল-চিনিকল কর্তৃপক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ১ হাজার ৮৪২ একর জমি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। একদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালেরা জমি দখল করে তির-ধনুক নিয়ে পাহারা দিচ্ছে। অন্যদিকে জমি থেকে ‘অবৈধ দখলদারদের’ উচ্ছেদে চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা মিছিল-সমাবেশ করছেন।
সাঁওতাল নেতারা বলছেন, চুক্তি অনুযায়ী অধিগ্রহণ করা জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের ওই জমি ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন ধরে এসব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়নি।
রংপুর চিনিকল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে চিনিকলটি স্থাপিত হয়। ১৯৬২ সালে আখ চাষের জন্য সাপমারা ইউনিয়নের মাদারপুর, রামপুরা, ফকিরগঞ্জ এবং সাহেবগঞ্জ ও কাটাবাড়ি ইউনিয়নের কটিয়াবাড়ি এলাকায় ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করা হয়। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। এসব জমি দেখভালের জন্য সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে ওঠে।
কিন্তু দুই বছর আগে এসব জমি বাপ-দাদার দাবি করে আন্দোলনে নামে সাঁওতালেরা। উপজেলা ও জেলা শহরে দফায় দফায় মিছিল-সমাবেশ ও মানববন্ধন করে। শেষমেশ ১ জুলাই তাঁরা প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করেন। ওই দিন থেকে তাঁরা তির-ধনুক নিয়ে জমি পাহারা দিচ্ছেন। এদিকে ১২ জুলাই চিনিকল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ওই জমি উদ্ধার করতে যায়। এ সময় পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় চিনিকল কর্তৃপক্ষ ‘দখলদারদের’ বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় চারটি মামলা করে। এরপর থেকে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ফাঁকা জমি। ফসল নেই। আগাছায় ভর্তি। চিনিকলের অধিগ্রহণ করা এসব জমিতে সারি সারি একচালা ছাপরা ঘর। তির-ধনুক নিয়ে সাঁওতালেরা জমি ও ঘর পাহারা দিচ্ছে। ওই এলাকায় বিলবোর্ড দেওয়া হয়েছে, সেখানে লেখা বিকেল পাঁচটার পর এই এলাকায় অপরিচিত লোকের প্রবেশ নিষেধ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাঁওতাল নেতা বলেন, ‘এগুলো আমাদের বাপ-দাদার জমি। সরকার ফেরত দিতে চেয়ে দেয়নি। তাই আমরা দখল করেছি।’
এখান থেকে পার্শ্ববর্তী সাহেবগঞ্জ ইক্ষু খামারে গিয়ে দেখা যায় অস্থায়ী পুলিশ ক্যাম্প। জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রশাসনের লোক কিংবা অপরিচিত কাউকে দেখলেই সাঁওতালেরা তির-ধনুক মারার চেষ্টা করে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ২০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন বলেন, এলাকার কয়েকজন সুবিধাবাদী ব্যক্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনকে ব্যবহার করে সরকারি জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আউয়াল বলেন, ১৯৬২ সালে জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে। অথচ কয়েকজনের উসকানিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন অবৈধভাবে জমি দখল করে। তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিনিকল কর্মকর্তা ও সাপমারাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সবাই উচ্ছেদের ব্যাপারে একমত পোষণ করেন। তারপরও উচ্ছেদ হচ্ছে না।
সাঁওতাল নেতারা বলেন, দুই বছর ধরে চলে আসা ভূমি আন্দোলনের কারণে গত বছরের ৩০ মার্চ জেলা প্রশাসক সরেজমিনে তদন্ত করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমিতে ধান ও অন্যান্য সবজি চাষ করা হচ্ছে, যা চুক্তির পরিপন্থী।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে এসব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি। তাই দখলের ঘটনা ঘটে। কিন্তু আন্দোলন দমানোর জন্য মিথ্যা মামলা দায়ের করে সাঁওতালদের হয়রানি করা হচ্ছে।
ফিলিমন বাস্কে আরও বলেন, ১৯৬২ সালে চিনিকল কর্তৃপক্ষ অধিগ্রহণ ছাড়াই ৬৫০ একর জমি দখল করে। এমনকি সে সময় ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হলেও অধিকাংশ লোক টাকা পায়নি।
তবে চিনিকলের এমডি আবদুল আউয়াল এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, আইন মেনেই জমি অধিগ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, আইন অনুযায়ী, সরকারের অধিগ্রহণ করা জমি ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। সাঁওতালদের কেউ ভুল বুঝিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। দফায় দফায় বৈঠক করা হচ্ছে। ৬৫০ একর জমি দখলের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তিনি তদন্ত করে দেখবেন।