সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার মরাজুড়ী খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়কের জায়গায় এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করেছে। এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের জুড়ী উপজেলার মরাজুড়ী খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়কের জায়গায় এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করেছে। এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূঁয়াই বাজার-তেঘরিঘাট সড়কে মরাজুড়ী (পাবিজুড়ী) খালের ওপর সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বছর খানেক আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। এ অবস্থায় দুর্ভোগ সয়ে ‘বাঁশের সাঁকো’ দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘সিলেট বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় মরাজুড়ী খালের ওপর সংযোগ সড়কসহ ২২ মিটার দীর্ঘ ‘আরসিসি গার্ডার সেতু’ নির্মাণের জন্য এলজিইডির মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ২০১২ সালের দিকে দরপত্র আহ্বান করে। প্রায় ৭৭ লাখ টাকার এই সেতু নির্মাণের কাজ পান কুলাউড়ার ঠিকাদার মুহিবুর রহমান। ওই বছরের নভেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে।
সরেজমিনে গত ১৭ জুলাই বিকেলে দেখা যায়, সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো স্থাপন করা হয়েছে। এই সাঁকো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে ওই সেতুতে উঠছেন।

এলাকার কয়েকজন জানান, বছর খানেক আগে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা চলে যান। এরপর চলাচলের স্বার্থে এলাকাবাসী বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। এ সেতু দিয়ে জায়ফরনগর ইউনিয়নের ভূঁয়াই, শাহপুর, নিশ্চিন্তপুর ও রাজাপুর এবং পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরী, গৌড়করণ, জালালপুর, মহেশগৌরী ও কোরবানপুর গ্রামের লোকজন চলাচল করেন।

শাহপুর গ্রামের বাবুল মিয়া, আলমগীর হোসেনসহ আরও কয়েকজন জানান, সেতুর দুই পাড়ে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। খুদে শিক্ষার্থীরা সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া রাতে আশপাশের এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে হলে দুর্ভোগ পোহাতে হয়।

এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সাইফুল আজম বলেন, সেতুর দুই পাশে মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। মৌখিকভাবেও অনুরোধ করা হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি (ঠিকাদার) তা করেননি।

সাইফুল আজম জানান, সেতুর যতটুকু কাজ হয়েছে ঠিকাদার তার বিল পেয়েছেন। বাকিটা সংযোগ সড়ক নির্মাণের পর দেওয়া হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে ঠিকাদার মুহিবুর রহমান গত ১৮ জুলাই মুঠোফোনে দাবি করেন, সেতুর দুই পাশের নিচু অংশ ভরাট করতে সময়মতো মাটি পাওয়া যায়নি। পরে বর্ষা মৌসুম শুরু হয়ে যায়। আগামী শুষ্ক মৌসুমের শুরুতেই তিনি মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণ করে দেবেন।