সাঁকো দিয়ে সেতুতে
দেবে যাওয়া সেতুর খাঁজে প্রথমে গোঁজা হয়েছে গাছের গুঁড়ি। তার ওপর দিয়ে কাঠের পাটাতনের মতো হয়ে উঠে গেছে কাঠের সাঁকো। সেই সাঁকো পেরিয়ে উঠতে হয় সেতুতে। তারপর পৌঁছাতে হয় ওপারে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী হাট থেকে পাতিলাভাসা সড়কের ওপর অবস্থিত সেতুটির এই রকম অবস্থা।
বছর দুয়েক আগে সেতুটি দেবে যায়। বেকায়দায় পড়ে এ সেতু দিয়ে চলাচলকারী আট গ্রামের লোকজন। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। উপায়ান্তর না দেখে এলাকাবাসী পারাপারের জন্য সেতুর সঙ্গে লাগিয়ে ওই সাঁকো নির্মাণ করে কোনোমতে দুই বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে গতকাল সোমবার দেখা যায়, সেতুর একটি অংশ দেবে গেছে। সংস্কার না হওয়ায় সংযোগ সড়কের মাটিও সরে গেছে। সেতুটিতে ওঠার জন্য কাঠের পাটাতন ফেলে সাঁকো তৈরি করা হয়েছে। এই সাঁকো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে মালবোঝাই যানবাহন নিয়ে সেতুতে উঠছে।
কথা হয় ভোটপাড়া গ্রামের রিকশাভ্যানচালক মো. বাবুলের সঙ্গে। তিনি বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট ধান ও পশু কেনাবেচার জন্য প্রসিদ্ধ। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী, ভোটপাড়া, সিংগিয়া, পদ্মশ্রী, পাতিলাভাসা, সদর উপজেলার রুহিয়া, ঝাড়গাঁও ও পঞ্চগড়ের আটোয়ারী এলাকার লোকজনকে পণ্য কেনাবেচার জন্য এ সেতু দিয়ে লাহিড়ী হাটে আসতে হয়। তিনি আরও বলেন, সপ্তাহে দুই দিন অন্তত এ পথে গড়ে হাজার দশেক মানুষ চলাচল করে।
পাতিলাভাসা গ্রামের বাসিন্দা আবদুল বারেক বলেন, ২০১৩ সালের বর্ষায় পানির স্রোতে সেতুর নিচের মাটি সরে গিয়ে এটি দেবে যায়। এরপর সেতুটি দিয়ে বন্ধ হয়ে যায় চলাচল। উপায় না দেখে কাঠের পাটাতন ফেলে সাঁকো তৈরি করে চলাচলের এ ব্যবস্থা করেছে গ্রামের বাসিন্দারা। এখন সেটাও নড়বড়ে হয়ে গেছে। কয়েক মাস আগে বাইসাইকেল নিয়ে সাঁকো দিয়ে সেতুতে উঠতে গিয়ে রোস্তম আলী নামে গ্রামের এক ব্যক্তি পড়ে যান। এ সময় সেতুর র্যালিংয়ে আঘাত পান তিনি। পরে হাসপাতালে মারা যান রোস্তম আলী।
এলাকার সিংগিয়া গ্রামের বাসিন্দা সেরেকুল ইসলাম বলেন, এ পথ দিয়ে কৃষক লাহিড়ী হাটে ফসল নিয়ে যান। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তাঁদের ছয়-সাত কিলোমিটার ঘুরে বিকল্প পথে হাট-বাজারে যেতে হচ্ছে।
উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী বলেন, লাহিড়ী হাট থেকে পাতিলাভাসা সড়কের ওপর সেতু দিয়ে আশপাশের এলাকার মানুষ পণ্য নিয়ে লাহিড়ী হাটে আসে। সেতুটি ভেঙে যাওয়ায় তারা পণ্য পরিবহনে দুর্ভোগে পড়েছে। গুরুত্ব বিবেচনা করে সেতুটি পুনর্নির্মাণে চেষ্টা চালানো হচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং সেতুর গায়ে খোদাই করা লেখা থেকে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অংশীদারত্বে ১৯৯৯ সালে সেতুটি নির্মাণ করা হয়।
এলজিইডি বালিয়াডাঙ্গী উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মইনুল ইসলাম বলেন, শিগগিরই সেতুটির সংস্কারকাজ শুরু করা হবে।