সাঁকো নয়, যেন সার্কাসের বাঁশ!

দূর থেকে দেখলে মনে হবে, মাটি থেকে উঁচুতে একটি বাঁশ দিয়ে সার্কাসে কসরত দেখানোর মতো করে হেঁটে যাচ্ছে কয়েকজন মানুষ। ভালো করে তাকালে দেখা যাবে, দু-একজনের সঙ্গে আবার বাইসাইকেলও আছে। কিন্তু কাছে গেলে দেখা যাবে, একটি নদীর ওপর বাঁশের খুঁটি গেড়ে তার ওপর পাটাতন বসিয়ে পারাপারের কাজ করছে মানুষ। ২০০ ফুট দৈর্ঘ্যের এই সাঁকো পার হওয়ার সময় সামান্য অমনোযোগী হলেই পড়তে হবে সোজা নদে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, পঞ্চগড় জেলা সদরের সীমান্তবর্তী হাড়িভাসা ইউনিয়নের জামুরীপাড়া-গইছপাড়ার মধ্য দিয়ে বয়ে গেছে কুরুম নদ। নদের পশ্চিম পাশের জামুরীপাড়া, শালুকপাড়া, দক্ষিণ জিন্নাতপাড়া, পশ্চিম গোবরাপাড়া ও উত্তর মাটিয়াপাড়া গ্রাম। এসব গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষের বাস। এসব গ্রামবাসীকে এই সাঁকো পার হয়ে পাশের হাড়িভাসা বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। আর নদের পূর্ব পারের নাককাটি, বনগ্রাম, বুকধুলি, মোহনবাগানের মানুষজনকেও এই সাঁকো পার হয়ে সাহেববাজারে যাতায়াত করতে হয়।
স্থানীয় লোকজন বলেন, সাঁকো দিয়ে নদ পার হতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সাইকেল নিয়ে এই সাঁকো পার হতে গিয়ে গত বছর জামুরীপাড়া গ্রামের ফজল হক নামের এক ব্যক্তি নদে পড়ে মারা গেছেন। তাঁরা আরও জানান, ১০০ বছরেরও বেশি সময় ধরে কুরুম নদ পার হওয়ার জন্য এই সাঁকোই একমাত্র ভরসা। প্রতিবছর বর্ষা এলেই পানির তোড়ে ভেঙে যায়। তখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। বর্ষা শেষে এলাকাবাসী আবারও স্বেচ্ছাশ্রমে তৈরি করেন নতুন সাঁকো। এমপি, মন্ত্রী; এমনকি জাতীয় সংসদের স্পিকার পর্যন্ত দেখে গেছেন এলাকাবাসীর এই দুর্ভোগের চিত্র। কিন্তু এ পর্যন্তই। স্থানীয় লোকজনের দুর্ভোগ ঘোচেনি আজও।
জামুরীপাড়া গ্রামের আমিজুল ইসলাম (৬০) বলেন, ‘কুরুম নদের ওপর এই নড়বড়ে সাঁকোটি এখন আমাদের জন্য মরণফাঁদ। এখান থেকে পড়ে আহত হয়েছেন মাহমুদুল, আব্বাস, রব্বানী, রবিউল, বিপ্লব, আজিমুলসহ অনেকে। এখানে একটি ব্রিজের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো ফল হয়নি। এই সরকারের আগের আমলে এখানে একটি ব্রিজ করার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ হয়। কিন্তু তখনকার সাংসদ এখানকার বরাদ্দ নিয়ে গিয়ে মাগুড়া ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণ করেন।’
গইছপাড়া গ্রামের বাদশা মিয়া (৫৫) বলেন, ‘সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক সাংসদ মজাহারুল হক প্রধানসহ অনেক বড় বড় জনপ্রতিনিধি এখানে ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি। সর্বশেষ বর্তমান সাংসদ নাজমুল হক প্রধান প্রতিশ্রুতি দিয়ে গেছেন।’
জামুরীপাড়া গ্রামের ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘এই এলাকার শতাধিক শিক্ষার্থী প্রতিদিনই এই সাঁকো পার হয়ে হাড়িভাসার স্কুল বা মাদ্রাসায় যায়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুরা অনেক সময় সাঁকো পার হওয়ার ভয়ে স্কুলে যায় না। এতে অনেক শিক্ষার্থী স্কুলজীবন শেষ করার আগেই ঝরে পড়ছে।’
হাড়িভাসা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘কয়েকটি গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কথা মাননীয় সাংসদকে জানিয়েছি। তিনি কথা দিয়েছেন, এই অর্থবছরের মধ্যে এখানে সেতুর ব্যবস্থা করে দেবেন।’
পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘ওই এলাকার মানুষের দুর্ভোগ দেখেছি। চলতি অর্থবছরের মধ্যে ব্রিজটি করে দেওয়ার চেষ্টা করছি আমি।’