
নবনির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির চারপাশেই পানি। লোকজনের যাতায়াতের জন্য তৈরি করা হয়নি কোনো রাস্তা। অথচ প্রায় কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। স্থানীয় উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই কেন্দ্রটিতে যাতায়াতের একমাত্র ভরসা।
নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিপারহাট এলাকায় নির্মাণ করা হয়েছে এই ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি’। প্রকল্পটি বাস্তবায়ন করেছে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্থানীয়ভাবে এটি খলিপারহাট উপস্বাস্থ্যকেন্দ্র নামেই বেশি পরিচিত।
সরেজমিনে দেখা যায়, খলিপারহাট-রামহরিতালুক পাকা সড়কের আনুমানিক ২০০ গজ দূরে স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র ও পার্শ্ববর্তী পাকা সড়কের মাঝখানে যাতায়াতের কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। স্থানীয় লোকজন জানান, আশপাশের জায়গার তুলনায় অপেক্ষাকৃত নিচু জায়গায় ভবনটি নির্মাণ করায় এর চারপাশেই পানি জমে থাকে।
জানা গেছে, চার মাস আগে নতুন ভবনে সেবাদান কার্যক্রম শুরুর আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে পাকা সড়ক পর্যন্ত একটি দীর্ঘ সাঁকো তৈরি করে দেন। কিন্তু সাঁকোটির দূরত্ব বেশি হওয়ায় ঝুঁকি এড়াতে ওই সাঁকো ভেঙে পেছনে পুকুরের ওপর দিয়ে আরেকটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। এই সাঁকো দিয়েই বর্তমানে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা স্বাস্থ্যকেন্দ্রটিতে যাতায়াত করেন।
স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘শুধু যাতায়াতেরই সমস্যা নয়, স্বাস্থ্যকেন্দ্রটিতে এখন পর্যন্ত দেওয়া হয়নি বিদ্যুৎ-সংযোগ, নেই পানির ব্যবস্থাও। ফলে বাইরে থেকে পানি এনে জরুরি কাজ সারতে হয়। এসব কাজ ঠিকাদার করে দেওয়ার কথা থাকলেও করেনি।’
চিকিৎসা নিতে আসা স্থানীয় খলিপারহাট উচ্চবিদ্যালয়ের ছাত্রী তাসমিনা আক্তার বলে, ‘সাকো দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে খুবই ভয় হয়, এর পরও প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে কেন্দ্রে যেতে হয়েছে।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকার মেসার্স শিউলী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১০ সালের ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে। গত ২ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্পটি বুঝে নেওয়া হয়। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৯৪ লাখ টাকা।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সেকান্দর আলী বলেন, ‘কেন্দ্রটি নির্মাণের আগে একাধিকবার স্থান পরিবর্তন করা হয়েছে। শেষে ওই নিচু জমিতে স্থান নির্ধারণ করা হয়। কিন্তু প্রকল্পে কেন্দ্রের সীমানা থেকে সরকারি পাকা সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণের বিষয়টি যুক্ত ছিল না। তাই রাস্তা নির্মাণ করা হয়নি।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এনামুল হক দাবি করেন, প্রকল্পে যেসব কাজ ধরা ছিল, তার সবই তিনি করেছেন। যাতায়াতের রাস্তা নির্মাণের বিষয়টি প্রকল্পে ছিল না। তবে বিদ্যুৎ-সংযোগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের বিষয়ে এরই মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে। সমস্যাটির যাতে দ্রুত সমাধান হয়, সেই চেষ্টা চলছে।