সাঁকোর গ্রামে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামের আয়তন মাত্র দুই বর্গকিলোমিটার। এটুকুর মধ্যেই যাতায়াতের জন্য আছে নয়টি সাঁকো। এতে প্রতিদিন দুর্ভোগে রয়েছে গ্রামের কয়েক হাজার মানুষ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সামুদাবাদ গ্রামে পাঁচ শ পরিবার বসবাস করে। জনসংখ্যা তিন হাজারের মতো। গ্রামের এক পাশে বুড়াগৌরাঙ্গ নদ। এখান থেকে ভাঙার ও হলুদিয়া নামে দুটি খাল গ্রামকে বিচ্ছিন্ন করেছে। এলাকাবাসীর উদ্যোগে ডাক্তারবাড়ি, মালবাড়ি, হাকিম আলীর বাড়ি, হাওলাদার বাড়ি, চৌকিদার বাড়ি, হাজী বাড়ি, দালাল বাড়ি, হানিফ মৃধার বাড়ি ও রত্তন আলীর দোকানের কাছে এই নয়টি সাঁকো নির্মাণ করা হয়। স্থানভেদে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চারটি সাঁকো পার হন, কেউ পার হন তিনটি।
গ্রামের সামুদাফত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন বলে, ‘সাঁকো পারাতে ভয় লাগে। তাই লগে (সঙ্গে) কেউ না থাকলে স্কুলে যাই না।’
রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, চলতি বছর সামুদাবাদে পুল, কালভার্ট ও রাস্তা নির্মাণ করা হবে।