সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে সাঁকো থেকে পড়ে নিখোঁজ হওয়া জামিলা খাতুন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে কমলনগর উপজেলার খায়েরহাট বাজারসংলগ্ন এলাকায় স্লুইস গেটের কাছে জারিরদোনা খালে লাশ ভাসছিল।
জামিলা উত্তর বালুরচর গ্রামের মো. ইউছুফের মেয়ে। সে খায়েরহাট ইসলামিয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গতকাল রোববার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের উত্তর বালুরচর এলাকায় জারিরদোনা খালের একটি বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়।
জামিলার দাদা মো. রফিক মাঝি জানান, গতকাল সকাল ১০টার দিকে জামিলা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। ওই সময় বাড়ির পাশের জারিরদোনা খালে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। গতকাল সারা দিন খালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকাল আটটার দিকে খায়েরহাট স্লুইজ গেটের কাছে তার লাশ পাওয়া যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।